Facebook Twitter Instagram YouTube

বিশ্বজিৎ হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ৮ ডিসেম্বর


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৬, ৩:২৩ অপরাহ্ণ / ০
বিশ্বজিৎ হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ৮ ডিসেম্বর

বহুল আলোচিত দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানির দিন ধার্য করা হয়েছে। আগামী ৮ ডিসেম্বর আপিল বিভাগে এই শুনানি অনুষ্ঠিত হবে। সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক শুনানির এই তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

এর আগে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর পুরান ঢাকার এ হত্যা মামলার রায় ঘোষণা করেন ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক। রায়ে আটজনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড করেন আদালত। নিম্ন আদালতের সেই রায়ের এক সপ্তাহের মধ্যে ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছায় এবং কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা আপিল আবেদন দায়ের করেন।

পরবর্তী সময়ে ২০১৭ সালের ৩১ অক্টোবর হাইকোর্ট থেকে ৮০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। রায় প্রদানকারী বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর স্বাক্ষরের পর তা প্রকাশ করা হয়। হাইকোর্টের রায়ে নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আট আসামির মধ্যে দুজনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। বাকি ছয়জনের মধ্যে চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর দুজনকে বেকসুর খালাস দেওয়া হয়। এ ছাড়া বিচারিক আদালতে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ১৩ আসামির মধ্যে যে দুজন হাইকোর্টে আপিল করেছিলেন, তারা খালাস পান। আপিল না করা অপর ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকে।

মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আট আসামি হলেন— রফিকুল ইসলাম শাকিল, মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জি এম রাশেদুজ্জামান শাওন, সাইফুল ইসলাম, কাইয়ুম মিঞা টিপু, রাজন তালুকদার ও মীর মো. নূরে আলম লিমন। অন্যদিকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১৩ আসামি হলেন— এএইচএম কিবরিয়া, ইউনুস আলী, তারিক বিন জোহর তমাল, গোলাম মোস্তফা, আলাউদ্দিন, ওবায়দুর কাদের তাহসিন, ইমরান হোসেন, আজিজুর রহমান, আল-আমিন, রফিকুল ইসলাম, মনিরুল হক পাভেল, মোশাররফ হোসেন ও কামরুল হাসান।

২০১২ সালের ৯ ডিসেম্বর ১৮ দলের অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীর পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের ক্যাডারদের হাতে নির্মমভাবে খুন হন বিশ্বজিৎ দাস। এই হত্যাকাণ্ডের পর ২০১৩ সালের ৫ মার্চ ছাত্রলীগের ২১ কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযুক্ত ২১ আসামির মধ্যে আটজন বর্তমানে কারাগারে রয়েছেন এবং বাকি আসামিরা এখনো পলাতক। নিহত বিশ্বজিৎ দাসের বাড়ি শরীয়তপুর জেলায় এবং তিনি পুরান ঢাকার শাখাড়ীবাজারে দর্জির দোকান পরিচালনা করতেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh