Facebook Twitter Instagram YouTube

চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন কঠিন: নির্বাচন কমিশনার মাছউদ


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ / ০
চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন কঠিন: নির্বাচন কমিশনার মাছউদ

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পিএম। চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সব নির্বাচন আয়োজন করা কঠিন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আব্দুর রহমানেল মাছউদ জানান, কমিশন বর্তমানে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে ব্যস্ত রয়েছে। এই নির্বাচনের কাজ এগিয়ে নেওয়ার পর অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার মতো পরিস্থিতি নেই জানিয়ে তিনি বলেন, চলতি অর্থবছরের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন আয়োজন করা সম্ভব হবে বলে মনে হয় না। এটি তার ব্যক্তিগত মতামত বলেও তিনি উল্লেখ করেন।

নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে তিনি বলেন, তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়টি চিন্তাভাবনা করা হবে, তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো সম্ভব নয়। কমিশন এখনো তফসিল ঘোষণা করেনি, তাই এ বিষয়ে বিস্তারিত বলার সময় এখনো আসেনি।

নির্বাচনী আইন পরিবর্তন না করেও সেনাবাহিনী মোতায়েনের এখতিয়ার নির্বাচন কমিশনের রয়েছে বলে জানান জ্যেষ্ঠ এই কমিশনার। ইউপি নির্বাচনের প্রথম ধাপে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পর পরবর্তী ধাপে সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি বিবেচনা করা হতে পারে বলেও তিনি জানান।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও গণমাধ্যমের পক্ষ থেকে স্থানীয় সরকারের সব নির্বাচন আয়োজনের অনুরোধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বর্তমানে কমিশন ইউপি নির্বাচনেই ব্যস্ত। নির্বাচনের প্রস্তুতি ও সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন হবে এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor