Facebook Twitter Instagram YouTube

সৌদিতে মৃত্যুদণ্ডের আগের দিন মেয়ের সঙ্গে শেষ কথা হয় বাবার


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ / ০
সৌদিতে মৃত্যুদণ্ডের আগের দিন মেয়ের সঙ্গে শেষ কথা হয় বাবার

অষ্টম শ্রেণিতে পড়ার সময় বিয়ে হয়েছিল সুইটি আক্তারের। সেই সংসার টেকেনি। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর একমাত্র সন্তানকে নিয়ে তিনি বাবার বাড়িতে চলে আসেন। এরপর পরিবারের চাপে দ্বিতীয়বার বিয়ে করেন। কিন্তু স্বামী সৌদি আরবে যাওয়ার পর যোগাযোগ বন্ধ করে দেন। কী করবেন বুঝে উঠতে না পেরে এবং মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে, বাবার সংসারের অভাব দূর করতে তিন বছর আগে সুইটি আক্তার নিজেও সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তিনি পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন।

সৌদি আরবে যাওয়ার মাত্র ছয় মাসের মাথায় সুইটি গ্রেপ্তার হন। পরিবারকে তিনি জানিয়েছিলেন, তাঁর সঙ্গে কাজ করা অন্য নারীরা অবৈধভাবে একটি গাড়ি কিনেছিলেন। সেই ঘটনায় তাঁদের সঙ্গে তাঁকেও গ্রেপ্তার করা হয়। কারাগারে থাকলেও মা-বাবার সঙ্গে সুইটির যোগাযোগ ছিল। কোনো কারণে ফোন দিতে না পারলে তিনি পরিবারকে দুশ্চিন্তা করতে নিষেধ করতেন। সর্বশেষ গত ১৩ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় বাবার সঙ্গে তাঁর শেষ কথা হয়। এর দুই দিন পর সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার খবর পান মা-বাবা।

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে অনৈতিক কাজ করার অপরাধে দোষী সাব্যস্ত করে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড সম্প্রতি কার্যকর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ১৪ অক্টোবর (বুধবার) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য নিশ্চিত করে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া অন্যজন হলেন নজরুল ইসলাম। মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল আলম জানিয়েছেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি তাঁরা জেনেছেন।

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার একটি গ্রামের মো. ফজল মিয়া ও জহুরা বেগমের মেয়ে সুইটি পাঁচ বোনের মধ্যে সবার ছোট ছিলেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে সুইটির বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজন ও প্রতিবেশীরা উঠানে জড়ো হয়েছেন। মেয়ের কথা জিজ্ঞাসা করতেই মা জহুরা বেগম কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, 'আমি কেমনে বাঁচুম রে, আমার সুইটিরে আইনা দ্যাও রে। মা তুই কত দুঃখ পাইয়া গেছস, কেউর কাছে কইলি না। আমার কাছেও কইলি না…আমার মাইয়ার লাশ আইনা দাও। আমি ওরে দেহুম।'

সুইটির বাবা মো. ফজল মিয়া জানান, একটি এজেন্সির মাধ্যমে ২০২৩ সালের মার্চে মেয়ে সৌদি আরবে যায়। সেখানে যাওয়ার পর প্রায় ছয় মাস নিয়মিত কথা হতো। এরপর হঠাৎ একদিন মেয়ে ফোন করে জেলে বন্দী থাকার কথা জানায়। কারাগারে থাকা অবস্থায় কখনো এক সপ্তাহ, আবার কখনো এক মাস পর কথা হতো। এভাবে এক বছর চলার পর যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফজল মিয়া বলেন, 'দীর্ঘ এক বছর পর সুইটি আবার ফোনে যোগাযোগ করে। তখনো জেলে থাকার কথা বলেছিল। ফোন না দিলেও দুশ্চিন্তা করতে নিষেধ করেছিল। এভাবে প্রায় চার মাস চলে। এরপর আর কোনো যোগাযোগ ছিল না। সর্বশেষ মঙ্গলবার (১৩ অক্টোবর) মাগরিবের নামাজের পর সুইটির সঙ্গে কথা হয়। তবে বিচার বা মৃত্যুদণ্ডের বিষয়ে কিছু জানায়নি।'

স্বজনেরা মনে করেন, সুইটি আক্তার সৌদি আরবে কারও না কারও ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ পরিবারের কেউ বিশ্বাস করেন না। সুইটির চাচাতো বোন সালমা আক্তার বলেন, দ্বিতীয় বিয়ের পর ধারদেনা করে জামাতাকে সৌদি আরবে পাঠানো হয়েছিল, কিন্তু তিনি যোগাযোগ বন্ধ করে দেন। পরে ভাগ্য বদলাতে মেয়েকে এক বোনের কাছে রেখে সুইটি সৌদি আরবে যান। তাঁর নয় বছর বয়সী মেয়ে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে। সালমা আক্তার বলেন, 'সুইটি কোনো অন্যায় কাজ করতে পারে না। আমার চাচায় মাটি কাইট্যা ভাত খায়। অভাবের সংসার। ওর (সুইটি) যে এই অবস্থা অইবো, জানলে কি আর বিদেশে যাইবার দিতাম।'

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo