
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের ওয়াঙ্গারাট্টা শহরে স্বতন্ত্র সংসদ সদস্য হেলেন হেইনসকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। গত সোমবার (১৯ অক্টোবর) নিজ নির্বাচনী কার্যালয়ের বাইরে এই হামলার ঘটনা ঘটে। ৬৫ বছর বয়সী এই আইনপ্রণেতা বর্তমানে সংকটাপন্ন অবস্থায় মেলবোর্নের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, হেলেন হেইনস নিজের গাড়ির পেছনের অংশ থেকে মালামাল বের করছিলেন। এ সময় একটি টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি তাকে ধাক্কা দেয়। এরপর চালক গাড়িটি ঘুরিয়ে পুনরায় তাকে চাপা দেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য আকাশপথে মেলবোর্নে স্থানান্তর করা হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি পা বিচ্ছিন্ন করতে হয়েছে। এছাড়া তার অপর পাটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলার পর স্থানীয়দের সহায়তায় ৪৩ বছর বয়সী অভিযুক্ত চালক ব্রেন্ডন নুজেন্টকে আটক করা হয়। তিনি টারাউইনগির বাসিন্দা। পাশের একটি সেলুন ও দোকানের কর্মীরা হামলাকারীর পকেট থেকে ছুরি ফেলে দিয়ে পুলিশ আসার আগ পর্যন্ত তাকে মাটিতে চেপে ধরে রাখেন। অভিযুক্তের বিরুদ্ধে বিপজ্জনকভাবে গাড়ি চালানো, ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করা এবং ফেডারেল সরকারি কর্মকর্তার ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে আছেন এবং মঙ্গলবার সকালে গোয়েন্দারা তাকে আনুষ্ঠানিকভাবে জিজ্ঞাসাবাদ করেছেন।
পুলিশ ঘটনাটি পরিকল্পিত হামলা কি না তা খতিয়ে দেখছে এবং তদন্তে সন্ত্রাসবিরোধী ইউনিটকে যুক্ত করা হয়েছে। তবে হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনো জানা যায়নি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এই ঘটনাকে নিছক দুর্ঘটনা নয়, বরং ইচ্ছাকৃত কাজ বলে উল্লেখ করে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি চিকিৎসাধীন এমপির স্বামী ফিলের সঙ্গে কথা বলেছেন। হেলেন হেইনস ২০১৯ সালে ভিক্টোরিয়ার ইন্ডি নির্বাচনী এলাকা থেকে স্বতন্ত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন। রাজনীতিতে আসার আগে তিনি নার্স ও স্বাস্থ্য গবেষক হিসেবে কাজ করেছেন।
আপনার মতামত লিখুন :