Facebook Twitter Instagram YouTube

সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করব: স্থানীয় সরকারমন্ত্রী


প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৬, ৬:৪১ পূর্বাহ্ণ / ০
সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করব: স্থানীয় সরকারমন্ত্রী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করবে। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে সব ধর্মের মানুষের সঙ্গে অভিন্নভাবে মিলেমিশে কাজ করে থাকেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে এশিয়াখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহার নিজ বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। প্রতিবছরই তিনি দুর্গাপূজায় এই মণ্ডপে আসেন উল্লেখ করে তিনি জানান, এখানকার পরিবেশ অত্যন্ত চমৎকার এবং সবাই মিলেমিশে আনন্দ উপভোগ করে। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, এমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ যেন সবসময় বজায় থাকে।

পূজামণ্ডপে ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের পরিবেশনায় আরতি উপভোগ করেন মন্ত্রী। এর আগে তিনি কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছান এবং পরে নৌকাযোগে নদী পার হয়ে রণদা প্রসাদ সাহার বাড়ির মণ্ডপে যান। সেখানে তিনি কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহার হাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছার ফুলের তোড়া তুলে দেন।

এ সময় বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি উপস্থিত ছিলেন। তিনি শারদীয় উৎসব নিয়ে জাতীয়ভাবে গর্ববোধের কথা জানান। একই সঙ্গে তিনি শেখ হাসিনার দেশত্যাগ ও রাজনীতি প্রসঙ্গে মন্তব্য করে বলেন, দেশে আইন আছে এবং আইন অনুযায়ী সব বিষয় দেখা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের পরিচালক শ্রীমতি সাহা, পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি, পরিচালক মহাবীর পতি চন্দন, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ আবদুল হালিম, ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ মন্দিরা চৌধুরী, কুমুদিনী হাসপাতালের উপপরিচালক অনিমেষ ভৌমিক লিটন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর) সার্কেল আদনান মুস্তাফিজ, মির্জাপুর থানার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ এবং সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh