Facebook Twitter Instagram YouTube

কালামের সেঞ্চুরিতে রান পাহাড়ে বিসিবি একাদশ


প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ / ০
কালামের সেঞ্চুরিতে রান পাহাড়ে বিসিবি একাদশ

ওয়েস্ট ইন্ডিজের আসন্ন বাংলাদেশ সফরকে সামনে রেখে ঢাকা বসুন্ধরা স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। ম্যাচের প্রথম দিনেই সফরকারীদের বিপক্ষে ব্যাট হাতে দাপুটে পারফরম্যান্স প্রদর্শন করেছে স্বাগতিক বিসিবি একাদশ। প্রথম দিন শেষে ৯০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩৭১ রানের বিশাল সংগ্রহ গড়েছে দলটি।

বৃহস্পতিবার টস জিতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ইনিংসের শুরুতেই বিসিবি একাদশ চাপে পড়েছিল, যখন পেসার জেডেন সিলসের বলে ওপেনার মাহফিজুল ইসলাম ৪ রান করে সাজঘরে ফেরেন। তবে সেই ধাক্কা সামলে নিয়ে ওপেনার জিসান আলম ও ইফতেখার হোসেন ইফতি দ্বিতীয় উইকেটে ৭৫ রান যোগ করেন। ইফতেখার ৬২ বলে ১৮ রান করে স্পিনার জোমেল ওয়ারিকানের বলে আউট হন। অন্যদিকে, জিসান আলম আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান। ১০০ বলে ১১টি চার ও ২টি ছক্কায় ৮৬ রানের ঝোড়ো ইনিংস খেলে জশুয়া বিশপের বলে তিনি বিদায় নেন।

এরপর কালাম সিদ্দিকী আলিন ও অধিনায়ক জাকের আলী অনিক চতুর্থ উইকেটে ৭৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। জাকের আলী ৩০ রান করে বিশপের দ্বিতীয় শিকারে পরিণত হলেও আলিন ক্রিজে অবিচল ছিলেন। পরবর্তীতে রিজওয়ান চৌধুরীর সাথে জুটি বেঁধে তিনি ক্যারিবীয় বোলারদের ওপর আধিপত্য বিস্তার করেন। রিজওয়ান ব্যাট হাতে ৫৯ রানের একটি চমৎকার ইনিংস খেলেন।

একপ্রান্তে স্থির থেকে কালাম সিদ্দিকী আলিন ক্যারিয়ারের এক অনবদ্য সেঞ্চুরি তুলে নেন। ১৮৪ বলে ২০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৩৫ রানের দৃষ্টিনন্দন এক ক্লাসিক্যাল ইনিংস খেলেন তিনি। দিন শেষে শামীম হোসেন পাটোয়ারী ৩৫ রান নিয়ে অপরাজিত রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে জশুয়া বিশপ ৮৭ রান দিয়ে ২টি এবং কাভেম হজ ৩৪ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন। এছাড়া জেডেন সিলস ও জোমেল ওয়ারিকান একটি করে উইকেট লাভ করেছেন।

বিসিবি একাদশ প্রথম ইনিংস: ৩৭১/৭, ৯০ ওভার (কালাম ১৩৫, জিসান ৮৬, রিজওয়ান ৫৯, শামীম ৩৫*, জাকের ৩০; বিশপ ২/৮৭, হজ ২/৩৪, সিলস ১/৩০, ওয়ারিকান ১/৪৫)।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh