খুলনার লবণচরা থানাধীন জিন্নাহ পাড়া এলাকায় খুশি (২৪) নামের এক তরুণীকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত খুশি জিন্নাহ পাড়া এলাকার খোকন শেখের মেয়ে এবং সুমন সরদারের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় খুশি তার মায়ের সঙ্গে জিন্নাহ পাড়া এলাকায় দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় মিরাজ নামের এক যুবক সেখানে উপস্থিত হন। তিনি খুশির মায়ের সঙ্গে সালাম বিনিময় করে কথা বলা শুরু করেন।
কথাবার্তার এক পর্যায়ে মিরাজ হঠাৎ পিস্তল বের করে খুশির মাথায় ও শরীরে গুলি করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযুক্ত মিরাজের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। বর্তমানে পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :