দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে পেশাদার ক্রীড়া সংস্কৃতি গড়ার লক্ষ্য নিয়ে শুরু হতে যাচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। আগামী ২৫ অক্টোবর মেগা এই ক্রীড়া আসর মাঠে গড়ানোর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় টুর্নামেন্টটির বর্ণাঢ্য ‘অধিনায়ক সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের পরিকল্পনা ও দিকনির্দেশনায় এবং পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে।
এই টুর্নামেন্টের মূল আকর্ষণ হলো, প্রথমবারের মতো ফ্লাডলাইটের আলোয় রাতের বেলা একই সঙ্গে ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহ যোগাতে দুটি ক্যাটাগরিতেই চ্যাম্পিয়ন দল পাবে ১০ লাখ টাকা এবং রানার্স-আপ দলের জন্য থাকছে ৫ লাখ টাকা করে প্রাইজমানি। এতে দেশের ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে, যারা ক্রিকেট ও ফুটবলে পৃথক দুটি করে গ্রুপে বিভক্ত হয়ে শিরোপার লড়াইয়ে নামবে।
ক্রিকেট ক্যাটাগরির গ্রুপ 'এ'-তে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), ইউনিভার্সিটি অব স্কলার্স ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। অন্যদিকে ক্রিকেট গ্রুপ 'বি'-তে লড়বে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), নর্থ সাউথ ইউনিভার্সিটি, সোনারগাঁও ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
ফুটবল ক্যাটাগরিতে গ্রুপ 'এ'-তে স্থান পেয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আর ফুটবল গ্রুপ 'বি'-তে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ব্র্যাক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), সোনারগাঁও ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব স্কলার্স।
আয়োজিত অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবিজি স্পোর্টস সিটির ডিরেক্টর মো. ইমরুল হাসান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের মিডিয়া এডভাইজার আব্দুল বারী, এবিজি স্পোর্টস সিটির অ্যাডভাইজার মো. লিয়াকত হোসেন ও মো. নাজমুল আলম ভূঁইয়া, টি স্পোর্টসের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসভির উল ইসলাম, অপারেশন্স ম্যানেজার (ফুটবল) সালমান হাসান এবং অপারেশন্স ম্যানেজার (ক্রিকেট) ইকরাম হোসেন রাফি।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মো. ইমরুল হাসান বলেন, "এবিজি ইউনিভার্সিটি কাপের যাত্রা শুরু হচ্ছে ফুটবল ও ক্রিকেট দিয়ে। ভবিষ্যতে আরও নানা ইভেন্ট যুক্ত করে এ আয়োজনকে আমরা আরও বৃহৎ পরিসরে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিভাবান ক্রীড়াবিদদের জন্য এমন একটি মঞ্চ তৈরি করতে চাই, যেখানে তারা নিজেদের মেধা ও সামর্থ্য দেখিয়ে জাতীয় ক্রীড়াঙ্গনে অবদান রাখার পথ খুঁজে পাবে।"
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বসুন্ধরা গ্রুপের অবদান তুলে ধরে তিনি আরও জানান, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন খেলাধুলার পৃষ্ঠপোষকতা, বিশ্বমানের অবকাঠামো নির্মাণ এবং নতুন নতুন উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে দেশের ক্রীড়াখাতে ভূমিকা রাখছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। সেই স্বপ্ন ও অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত হলো উপমহাদেশের অন্যতম বৃহৎ ক্রীড়া অবকাঠামো ‘এবিজি স্পোর্টস সিটি’। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আনভীর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের দিকনির্দেশনায় শুরু হওয়া এই টুর্নামেন্ট সময়ের পরিক্রমায় দেশের ক্রীড়াঙ্গনে নিজস্ব একটি শক্তিশালী অবস্থান তৈরি করবে।
আয়োজক কর্তৃপক্ষ ও অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর অধিনায়কদের বিশ্বাস, প্রতিযোগিতাটির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বগুণ ও দলগত সংহতি সুদৃঢ় হবে এবং এখান থেকেই ভবিষ্যতের জাতীয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে।
আপনার মতামত লিখুন :