সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের বাসিন্দা আব্দুল হালিম পেশায় একজন রাজমিস্ত্রি। তার পাঁচ মাস বয়সী শিশু সন্তান আব্রাহাম রহমান জন্মগতভাবে হৃদযন্ত্রে ছিদ্র নিয়ে জন্মগ্রহণ করেছে। বর্তমানে শিশুটির উন্নত চিকিৎসার জন্য ২ লাখ টাকা প্রয়োজন, যা জোগাড় করতে হিমশিম খাচ্ছেন তার পরিবার।
বর্তমানে শিশুটি ঢাকার উত্তরা ১২ ও ১৩ নম্বর সেক্টরের রেডিকেল হাসপাতালের তৃতীয় তলায় আইসিইউ-এর ৩ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছে। সন্তানের জীবন বাঁচাতে এবং সুস্থ করে তুলতে আব্দুল হালিম আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু অর্থাভাবে চিকিৎসা কার্যক্রম থমকে দাঁড়িয়েছে।
আব্দুল হালিম বলেন, “আমি রাজমিস্ত্রির কাজ করে সংসার চালাই। আমার সন্তানের চিকিৎসার জন্য দুই লাখ টাকা প্রয়োজন। কিন্তু এত টাকা জোগাড় করার সামর্থ্য আমার নেই। একজন বাবা হিসেবে সন্তানকে সুস্থ দেখতে চাই। সমাজের সামর্থ্যবান ও হৃদয়বান মানুষের কাছে আমার আকুল আবেদন, আপনারা আমার সন্তানের চিকিৎসার জন্য সহযোগিতা করুন।”
পরিবারের এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন আত্মীয় ও প্রতিবেশীরা। হালিমের ভাগ্নে সজীব মন্ডল জানান, রাজমিস্ত্রির সামান্য আয়ে চিকিৎসা ব্যয় বহন করা প্রায় অসম্ভব। প্রতিবেশী সুমন বলেন, “একটি শিশুর চিকিৎসা যেন শুধু অর্থের অভাবে থেমে না থাকে। হালিমের পরিবারের এই কঠিন সময়ে সবার এগিয়ে আসা প্রয়োজন।”
শিশুটির পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ও বিভিন্ন মানবিক সংগঠনের কাছে দ্রুত সহায়তার আবেদন জানিয়েছেন। শিশুটির চিকিৎসায় সাহায্য করতে আগ্রহী ব্যক্তিরা মোঃ সজীব মন্ডলের সঙ্গে ০১৭৪১২৫৪১৮৫ মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন।
আপনার মতামত লিখুন :