Facebook Twitter Instagram YouTube

ভোলার বোরহানউদ্দিনে পুকুরে ডুবে ফুফু-ভাতিজির মর্মান্তিক মৃত্যু


প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৬, ৩:২৪ অপরাহ্ণ / ০
ভোলার বোরহানউদ্দিনে পুকুরে ডুবে ফুফু-ভাতিজির মর্মান্তিক মৃত্যু

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দানু হাজী বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো ওই বাড়ির মো. শাহিনের মেয়ে মাহা (৬) এবং আব্দুল গনির মেয়ে তানহা (৬)। সম্পর্কে তারা আপন ফুফু ও ভাতিজি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে শিশু দুটি বাড়ির পুকুরের ঘাটে গোসল করতে গিয়েছিল। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে মাহার মরদেহ ভেসে উঠতে দেখা যায়। এরপর স্বজনরা তানহাকে খুঁজতে পানিতে নামলে তাকে পুকুরের গাছের ডালের সঙ্গে আটকে থাকা অবস্থায় উদ্ধার করা হয়।

দ্রুত তাদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যদের ধারণা, গোসল করার সময় পুকুরের ঘাট থেকে পা পিছলে তারা পানিতে পড়ে ডুবে যায়। দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবার দুটিতে শোকের মাতম চলছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh