Facebook Twitter Instagram YouTube

লালমনিরহাটে লাঠি হাতে বিএসএফকে রুখে দিলেন বাংলাদেশি কৃষকরা


প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ / ০
লালমনিরহাটে লাঠি হাতে বিএসএফকে রুখে দিলেন বাংলাদেশি কৃষকরা

লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের ধাওয়া করে তাড়িয়ে দিয়েছেন স্থানীয় বাংলাদেশি কৃষকরা। শনিবার বিকেলে উপজেলার বুড়িমারী সীমান্ত এলাকায় এ উত্তেজনাকর ঘটনাটি ঘটে।

স্থানীয়দের ভাষ্যমতে, বিএসএফের কয়েকজন সদস্য আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশের প্রায় ১০০ গজ ভেতরে ঢুকে পড়েন। এ সময় মাঠে কর্মরত বাংলাদেশি কৃষকদের কোনো কারণ ছাড়াই মারধর করার চেষ্টা করেন তারা। বিএসএফের এমন আচরণের প্রতিবাদে স্থানীয় কৃষকরা সংগঠিত হয়ে লাঠিসোঁটা হাতে নিয়ে তাদের প্রতিরোধ করেন। একপর্যায়ে স্থানীয়দের ধাওয়ার মুখে বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় বিএসএফ সদস্যদের সঙ্গে বাংলাদেশিদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরে নিজেদের ভূখণ্ডে ফিরে গিয়ে বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ও বোমা নিক্ষেপ করেন। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, তিনি ঘটনাটি শুনেছেন এবং ভিডিও ফুটেজ দেখেছেন। তবে বিষয়টি সীমান্ত সংক্রান্ত হওয়ায় বিজিবির আনুষ্ঠানিক বক্তব্য ছাড়া এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh