
ভারতে নাগরিক অধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস (এপিসিআর) ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মুসলিম ও খ্রিষ্টানদের লক্ষ্য করে ৮৩টি বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনা নথিভুক্ত করেছে। ১০ নভেম্বর নয়াদিল্লিতে প্রকাশিত এই প্রতিবেদনে উঠে এসেছে যে, অন্তত ১৬টি রাজ্যের ৫৭ জন ব্যক্তি এসব বিদ্বেষমূলক বক্তব্যে জড়িত ছিলেন। তাদের মধ্যে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং চারজন মুখ্যমন্ত্রীসহ সরকারি পদে থাকা ব্যক্তিদের দেওয়া বক্তব্যের সংখ্যা ৩৩টি।
সংগঠনটি একই সময়ে মুসলিম ও খ্রিষ্টানদের বিরুদ্ধে ৩২২টি বিদ্বেষমূলক অপরাধের ঘটনাও নথিভুক্ত করেছে। সব মিলিয়ে নয় মাসে মোট ৪০৫টি ঘটনা শনাক্ত হয়েছে। তবে এতগুলো ঘটনার বিপরীতে মাত্র ছয়টির ক্ষেত্রে এফআইআর দায়ের করা হয়েছে এবং কোনো বক্তব্যের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
প্রতিবেদনে দিল্লির উত্তম নগরের জেজে কলোনিতে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর ঘটনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মার্চ মাসে হোলির দিন দুই প্রতিবেশী পরিবারের বিরোধের জেরে সংঘর্ষে ২৬ বছর বয়সি এক তরুণ নিহত হন। এরপরই এলাকায় মুসলিমবিরোধী প্রচার ও সহিংসতার আহ্বান ছড়িয়ে পড়ে। এপিসিআর ১১০টি ভিডিও ক্লিপ সংগ্রহ ও বিশ্লেষণ করেছে, যার মধ্যে ৬০টিতে মুসলিমদের হত্যা, গুলি কিংবা পুলিশের কথিত ‘এনকাউন্টারে’ হত্যার দাবি জানানো হয়েছে। প্রায় এক-চতুর্থাংশ ভিডিওতে পুলিশ ও দিল্লি সরকারকে মুসলিমদের রক্ষার অভিযোগে আক্রমণ করা হয়। এছাড়া কিছু ভিডিওতে মুসলিমদের বাড়িঘর ও মসজিদ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার দাবি তোলা হয়েছে।
হিন্দু রক্ষা দলের উত্তরাখণ্ড শাখার সভাপতি ললিত শর্মাসহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের নেতারা এসব বক্তব্য দিয়েছেন। একটি ভিডিওতে ললিত শর্মাকে বলতে শোনা যায়, পুলিশ মুসলিমদের গুলি না করলে তাদের ঈদ উদ্যাপন করতে দেওয়া হবে না। এপিসিআরের তথ্য অনুযায়ী, এসব ভিডিওর অধিকাংশই উত্তম নগরের বাসিন্দাদের তৈরি নয়; বরং দেরাদুন, মিরাট, রায়বেরেলি ও উত্তর প্রদেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে সেখানে বক্তব্য দিয়েছেন।
প্রতিবেদনে মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী পর্যায়ের ১১টি বক্তব্য নথিভুক্ত হয়েছে। তাদের মধ্যে রয়েছেন উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ ও কেশব প্রসাদ মৌর্য, আসামের হিমন্ত বিশ্বশর্মা, উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি এবং পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী। এছাড়া বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দলসহ বিভিন্ন সংগঠনের ধর্মীয় নেতাদের ২৫টি বক্তব্যও এতে স্থান পেয়েছে। ৮৩টি বক্তব্যের মধ্যে ৩৭টিতে সরাসরি সহিংসতার আহ্বান অথবা হিন্দুদের অস্ত্র ধরার পরামর্শ দেওয়া হয়েছে। ১৯টি বক্তব্যে মুসলিমদের ‘অনুপ্রবেশকারী’ ও ‘বাংলাদেশি’ বলা হয়েছে, ১৬টিতে তাদের ‘সাপ’, ‘কীটপতঙ্গ’ ও ‘আবর্জনা’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এছাড়া ১৮টি বক্তব্যে সামাজিক ও অর্থনৈতিক বয়কটের আহ্বান জানানো হয়েছে এবং ১২টিতে বিভিন্ন অপরাধকে ‘লাভ জিহাদ’, ‘ল্যান্ড জিহাদ’ ও ‘করপোরেট জিহাদ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। খ্রিষ্টানদের লক্ষ্য করে চারটি বক্তব্য পাওয়া গেছে, যার অধিকাংশেই ধর্মান্তরকে কেন্দ্র করে হুমকি দেওয়া হয়েছে।
এপিসিআর ১২ জন নিয়মিত বক্তব্যদাতাকে চিহ্নিত করেছে, যাদের মধ্যে সাতজন সরকারি পদে রয়েছেন। এসব বক্তব্যের বিপরীতে পাঁচটি এফআইআর হয়েছে, যা মাত্র চারজনের বিরুদ্ধে। সরকারি পদে থাকা ব্যক্তিদের মধ্যে কেবল তেলেঙ্গানার বিধায়ক টি রাজা সিংয়ের বিরুদ্ধে এফআইআর হয়েছে, তবে কাউকেই গ্রেপ্তার করা হয়নি। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ‘মিয়া’দের মেরুদণ্ড ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাবর ও আওরঙ্গজেবের অনুসারীদের বিরুদ্ধে বিষ ছড়ানোর অভিযোগ করেছেন।
উত্তম নগরের ঘটনা ঘিরে ১৭ দিনের উত্তেজনার সময় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। ৪ মার্চ সংঘর্ষের পর ৫ মার্চ থেকে মুসলিমবিরোধী ভিডিও ছড়াতে শুরু করে। ৬ মার্চ বজরং দল ও ভিএইচপি উত্তম নগর থানার সামনে বিক্ষোভ করে এবং অভিযুক্ত পরিবারের বাড়ি ও গাড়িতে আগুন দেওয়া হয়। ৮ মার্চ দিল্লি পৌর করপোরেশন অভিযুক্ত পরিবারের বাড়ির একাংশ ভেঙে দেয়। ১২ মার্চ দিল্লি হাইকোর্ট বাড়ি ভাঙার কার্যক্রমে স্থগিতাদেশ দেন এবং ১৯ মার্চ আদালত পুলিশকে শান্তিপূর্ণ ঈদ উদ্যাপন নিশ্চিত করার নির্দেশ দেন। এপিসিআর বলছে, ঈদের আগ পর্যন্ত ১১০টি ভিডিও ছড়ানো হলেও এসব বক্তব্যের জন্য দিল্লি পুলিশ একটি এফআইআরও করেনি।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তম নগরের ভিডিওগুলোতে মুসলিম শিশু ও পরিবারকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে। ১৯টি ক্লিপে হিন্দুদের অস্ত্র সংগ্রহ ও সহিংস সংগঠন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। এপিসিআর ২৪টি সংবাদ প্রতিবেদন পর্যালোচনা করেছে, যেখানে সুদর্শন নিউজ, অপইন্ডিয়া ও রিপাবলিক ভারতের মতো সংবাদমাধ্যমের কনটেন্ট রয়েছে। ইনস্টাগ্রাম রিলস এসব বক্তব্য ছড়িয়ে দেওয়ার প্রধান মাধ্যম হয়ে উঠেছে।
ভারতের সুপ্রিম কোর্ট ২০২২ সালের অক্টোবরে শাহিন আবদুল্লাহ বনাম ইউনিয়ন অব ইন্ডিয়া মামলায় পুলিশকে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ২০২৬ সালের প্রথম নয় মাসে এপিসিআর মাত্র একটি স্বতঃপ্রণোদিত এফআইআরের তথ্য পেয়েছে। এপিসিআর এসব ঘটনার জবাবদিহি নিশ্চিত করা, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করা এবং নাগরিক অধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত ও প্রকাশকারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
পুলিশ আদালতকে জানায়, এলাকায় প্রায় ৮০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং উসকানিমূলক ১৫৭টি অনলাইন পোস্ট সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।তবে এপিসিআরের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তম নগরের বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনায় পুলিশ কোনো এফআইআর করেনি।ভারতের সুপ্রিম কোর্ট ২০২২ সালের অক্টোবরে শাহিন আবদুল্লাহ বনাম ইউনিয়ন অব ইন্ডিয়া মামলায় দিল্লি, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ড পুলিশকে অভিযোগের অপেক্ষা না করে বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করার নির্দেশ দিয়েছিলেন।
২০২৩ সালের এপ্রিলে এই নির্দেশ দেশের সব রাজ্যে সম্প্রসারণ করা হয়।
আপনার মতামত লিখুন :