Facebook Twitter Instagram YouTube

সংস্কৃতিকর্মীকে ধর্ষণের অভিযোগে কারাগারে ‘কথিত পীর’ সোহেল রানা


প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৬, ৬:৫১ পূর্বাহ্ণ / ০
সংস্কৃতিকর্মীকে ধর্ষণের অভিযোগে কারাগারে ‘কথিত পীর’ সোহেল রানা

রাজধানীর মোহাম্মদপুরে এক নারী সংস্কৃতিকর্মীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ‘কথিত পীর’ মো. সোহেল রানাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারী একজন সংস্কৃতিকর্মী। ২০২১ সালে স্বামীর ব্যবসায়িক পরিচয়ের সুবাদে সোহেল রানার সঙ্গে তার পরিচয় হয়। ওই নারীর শারীরিক অসুস্থতার কথা জানতে পেরে চিকিৎসার প্রলোভন দেখিয়ে সোহেল রানা তাকে মোহাম্মদপুরের নুরজাহান রোডের নিজ আস্তানায় ডেকে নেন।

অভিযোগে আরও বলা হয়, ২০২৩ সালের ২৪ আগস্ট বিকেলে চিকিৎসা ও আধ্যাত্মিক চর্চার কথা বলে ওই নারীকে একটি বিশেষ কক্ষে নিয়ে যান সোহেল রানা। সেখানে তার চোখ ও মুখ কালো কাপড় দিয়ে বেঁধে তাকে ধর্ষণ করা হয়। ঘটনার ভিডিও ধারণ করে সেই ভিডিও দেখিয়ে তাকে চুপ থাকতে বাধ্য করা হয় এবং পরবর্তীতে একাধিকবার তাকে ধর্ষণ করা হয়। এছাড়া গত ১২ সেপ্টেম্বর অনাগত সন্তানের জন্য তদবির করার কথা বলে আবারও আস্তানায় ডেকে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়।

ভুক্তভোগী নারী গত ৯ নভেম্বর ঢাকার ৬ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন। ট্রাইব্যুনাল অভিযোগটি আমলে নিয়ে মোহাম্মদপুর থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেয়। এর পরিপ্রেক্ষিতে গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-২) একটি দল মোহাম্মদপুরের নুরজাহান রোডের বাসা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে। রোববার মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ইখতিয়ার হোসেন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy