
প্রযুক্তি বিশ্বে আলোচনার কেন্দ্রে রয়েছে স্যামসাংয়ের আসন্ন প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোন গ্যালাক্সি জেড ফোল্ড ৮ আল্ট্রা। আনুষ্ঠানিক ঘোষণার আগেই নতুন এই ডিভাইসটির দাম ও ফিচারের বিস্তারিত তথ্য বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। ধারণা করা হচ্ছে, আগামী ২২ জুলাই গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে স্মার্টফোনটি উন্মোচিত হতে পারে।
ডিভাইসটিতে থাকছে কোয়ালকমের সর্বশেষ স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর, যা এর পারফরম্যান্সকে আরও শক্তিশালী করবে। সফটওয়্যার হিসেবে এতে থাকছে ওয়ান ইউআই ৮ এবং অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম। নতুন এই ফোল্ডেবল ফোনগুলোতে লঞ্চের সময় থেকেই গুগল জেমিনাই ইন্টেলিজেন্স যুক্ত থাকবে এবং এগুলো ওয়ান ইউআই ৯.০ অপারেটিং সিস্টেমে চলবে। এর ফলে ব্যবহারকারীরা একটি নির্দেশ দিয়েই একাধিক অ্যাপে কাজ করার সুবিধা পাবেন। এছাড়া জেড ফোল্ড ৮ আল্ট্রাতে ৫ হাজার এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে।
ডিজাইনের ক্ষেত্রে স্যামসাং তাদের ঐতিহ্যবাহী স্লিম ও লম্বাটে গঠন বজায় রেখেছে, তবে ডিসপ্লের ভাঁজ বা ক্রিজ এবার আগের চেয়ে আরও মসৃণ ও কম দৃশ্যমান হবে। ক্যামেরার ফিচারে থাকছে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৩ গুণ অপটিক্যাল জুমসহ ১০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা।
বাজারের অন্যান্য মডেলের তুলনায় এই ফোনের দাম কিছুটা বেশি হতে পারে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, মেমোরি কম্পোনেন্টের খরচ বৃদ্ধির কারণে ২৫৬ জিবি স্টোরেজসহ গ্যালাক্সি জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম মার্কিন বাজারে ২ হাজার ৯৯ ডলার পর্যন্ত হতে পারে। এছাড়া স্যামসাং গ্যালাক্সি জেড ওয়াইড ফোল্ড নামে আরও একটি চওড়া ফোল্ডেবল স্মার্টফোনের ওপর কাজ করছে, যার সম্ভাব্য দাম ১ হাজার ৮৯৯ ডলার।
গ্যালাক্সি জেড ফোল্ড ৮ মডেলটিতেও স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট এবং ৪ হাজার ৮০০ এমএএইচ ব্যাটারি থাকার কথা শোনা যাচ্ছে, যেখানে দুটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে। এদিকে গ্যালাক্সি জেড ফ্লিপ ৮ স্মার্টফোনটি উত্তর আমেরিকার বাজারে স্ন্যাপড্রাগন চিপসেটে এলেও, ভারতসহ কিছু অঞ্চলে এটি এক্সিনোস ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :