
শিক্ষার্থীদের ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিকে সামনে রেখে রাজধানীর নীলক্ষেত ও সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ এই স্থানগুলোতে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে নীলক্ষেত মোড়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক প্লাটুন সদস্যকে সতর্ক অবস্থানে দেখা যায়। একই সময়ে সায়েন্সল্যাব এলাকায় ৫০ জনেরও বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের ঘোষণা অনুযায়ী, বুধবার দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শেষ হওয়ার পর ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে তাদের। কর্মসূচির অংশ হিসেবে ঢাকার উত্তরায় বিএনএস সেন্টারের সামনে, শাহবাগ, সায়েন্সল্যাব ও মগবাজার এলাকায় সমবেত হওয়ার কথা রয়েছে শিক্ষার্থীদের। সেখান থেকে তারা শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে ‘লং মার্চ’ শুরু করবেন বলে জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :