Facebook Twitter Instagram YouTube

পাকিস্তান শাসিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে নিহত ৯


প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ৮:০১ অপরাহ্ণ /
পাকিস্তান শাসিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে নিহত ৯

পাকিস্তান শাসিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। চরম উত্তেজনাকর এই পরিস্থিতিতে অঞ্চলের রাজধানী মুজাফফরাবাদ অভিমুখে বিক্ষোভকারীদের পূর্বপরিকল্পিত লংমার্চটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সরকারি কর্মকর্তাদের ভাষ্যমতে, কাশ্মিরের পুঞ্চ জেলার রাওলাকোট শহরের উপকণ্ঠে একটি বাড়িতে বিপুল পরিমাণ অস্ত্র মজুত থাকার তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী অভিযান পরিচালনা করতে যায়। এ সময় নিরাপত্তা কর্মীরা অতর্কিত গুলির মুখে পড়েন, যেখানে একজন পুলিশ কর্মকর্তা নিহত হন।

অন্য একটি ঘটনায় সুধনতি জেলায় বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর একটি কনভয় বা গাড়িবহর আটকে দেয়। কর্মকর্তাদের দাবি, এ সময় কনভয় লক্ষ্য করে উপর্যুপরি পাথর ও গুলি ছুড়তে শুরু করে বিক্ষোভকারীরা। এই সংঘর্ষে সাতজন বিক্ষোভকারী এবং আরও একজন পুলিশ কর্মকর্তা প্রাণ হারান। পুলিশ প্রশাসনের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা কর্মীরা আত্মরক্ষার্থেই কেবল পাল্টা পদক্ষেপ নিয়েছেন।

উল্লেখ্য যে, এই অঞ্চলে চলমান বড় ধরনের গণ-আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ‘জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি’ (জেএএসি)। গত ৫ জুন সন্ত্রাসবিরোধী আইনের আওতায় পাকিস্তান সরকার এই সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করার পর থেকেই অঞ্চলটি দফায় দফায় সহিংস বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh