
বাংলাদেশকে ঋণনির্ভর অর্থনীতি থেকে বের করে একটি বিনিয়োগনির্ভর অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলতে চায় সরকার। বুধবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সম্পদ তৈরির মাধ্যমে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির কাছাকাছি নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য।
প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকার একটি কল্যাণ রাষ্ট্র গড়তে কাজ করছে, যেখানে প্রতিটি মানুষ রাষ্ট্রীয় সেবা পাবেন। জনগণকে সব সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্পোর্টস কার্ডের মাধ্যমে সংশ্লিষ্টদের সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রতিটি খাতের সেবাকে একটি ইউনিভার্সেল কার্ডের আওতায় নিয়ে আসার কার্যক্রম শুরু হয়েছে।
দেশের কর্মক্ষম মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করাকে মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার ১০ লাখ কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে এবং বিদেশিদের জন্য ভাষা সেবা চালু করেছে। তিনি আরও জানান, কৃষকদের সহায়তায় ১৩ লাখ কৃষকের ঋণ পরিশোধ করা হয়েছে।
পরিবেশ সুরক্ষায় ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যে দুই লাখ চারা রোপণ করা হয়েছে এবং প্রতিবছর পাঁচ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য রয়েছে। এছাড়া ১০ হাজার নার্সারি তৈরির মাধ্যমে আড়াই লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাও রয়েছে সরকারের।
আপনার মতামত লিখুন :