
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ডিজিটাল মাধ্যমে নিজেদের তৎপরতা বাড়ানোর জন্য আধা সামরিক বাহিনী বাসিজের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটির অভিযোগ, ইরানের শত্রুরা জনমতকে প্রভাবিত করার পাশাপাশি দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।
আইআরজিসির উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি বাসিজ বাহিনীকে অনলাইনে আরও সক্রিয় হওয়ার এই সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
তেহরানে আইআরজিসির কমান্ডার ও বাসিজের সদস্যদের উদ্দেশে বক্তব্য রাখার সময় মেজর জেনারেল ইজাদি বলেন, অনলাইন জগতে বাহিনীকে আরও সতর্ক থাকতে হবে এবং সেখানে উপস্থিতি জোরদার করতে হবে। তিনি আরও বলেন, বর্তমানে গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র হলো বাস্তবতাকে বিকৃত করার এবং বিভিন্ন বয়ানকে নিজেদের মতো করে প্রভাবিত করার প্রচেষ্টার বিরুদ্ধে লড়াই করা।
মেজর জেনারেল ইজাদি দাবি করেন, বিভিন্ন উপায়ে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর ইরানের প্রতিপক্ষরা এখন অর্থনৈতিক চাপ সৃষ্টি এবং জনগণের আস্থা দুর্বল করার কৌশল নিয়েছে। এমন এক সময়ে আইআরজিসির পক্ষ থেকে এই নির্দেশনা এল, যখন তেহরান একদিকে অব্যাহত অর্থনৈতিক চাপের মুখে রয়েছে, অন্যদিকে ওয়াশিংটন ও ইসরাইলের সঙ্গে উত্তেজনাও চরমে পৌঁছেছে। যদিও সংঘাতের অবসানে কূটনৈতিক প্রচেষ্টা চলমান রয়েছে, তবে পরিস্থিতি এখনো উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়নি।
আপনার মতামত লিখুন :