
পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে সাবেক আইজিপি বেনজীর আহমেদের ঘনিষ্ঠ হিসেবে আলোচিত পরিদর্শক তৈমুর ইসলামসহ বিতর্কিত ৩ কর্মকর্তাকে হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। আদেশে বিভিন্ন রেঞ্জে সংযুক্ত (ক্লোজড) থাকা এই ৩ কর্মকর্তার আগের সংযুক্তির আদেশ বাতিল করে মোট ১০ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে ঢাকা রেঞ্জে নতুন পদায়ন দেওয়া হয়।
রোববার (২২ নভেম্বর) অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনের সই করা প্রজ্ঞাপনে এই রদবদলের সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে বদলির কারণ হিসেবে ‘জনস্বার্থের’ কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, কর্মকর্তাদের ২৩ নভেম্বরের (সোমবার) মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিতে হবে; অন্যথায় ২৪ নভেম্বর থেকে তাঁরা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।
বিতর্ক ও নানা অনিয়মের অভিযোগে এর আগে কর্মস্থল থেকে সরিয়ে অন্য রেঞ্জে সংযুক্ত করে রাখা হয়েছিল তিন কর্মকর্তাকে। তাঁদের মধ্যে রংপুর রেঞ্জে সংযুক্ত ছিলেন পরিদর্শক তৈমুর ইসলাম। গোপালগঞ্জে বেনজীর আহমেদের পরিবারের ‘সাভানা ইকো রিসোর্ট’-এর জমি কেনায় স্থানীয়দের ভয় দেখিয়ে বাধ্য করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। পরবর্তীতে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) কর্মরত থাকা অবস্থায় গ্রেপ্তার ও মামলায় জড়ানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগের সত্যতা পায় পিআইও। এসব ঘটনার প্রেক্ষিতে গত ৮ জুন তাঁকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছিল, যা সাড়ে পাঁচ মাস পর বাতিল করা হলো।
বদলি হওয়া অন্য দুই বিতর্কিত কর্মকর্তা হলেন আশুলিয়া থানার সাবেক ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু এবং মো. হাসানুজ্জামান। ডাবলু রংপুর রেঞ্জের নীলফামারীতে এবং হাসানুজ্জামান সিলেট রেঞ্জে সংযুক্ত ছিলেন। ২০২৫ সালের মার্চে আশুলিয়া থানার ওসি হওয়ার পর ডাবলুর ছাত্রজীবনের রাজনৈতিক পরিচয় নিয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের দুটি বিপরীতমুখী সুপারিশপত্র ছড়িয়ে পড়লে তিনি ছাত্রলীগের সম্পৃক্ততা অস্বীকার করেছিলেন।
ঢাকা রেঞ্জে বদলি পাওয়া বাকি সাত পরিদর্শকের মধ্যে এ টি এম আরিচুল হক খুলনার পুলিশ ট্রেনিং সেন্টারে এবং এস এম জাবীদ হাসান খুলনা মহানগরে দায়িত্বরত আছেন। আরিচুল হক ২০২৪ সালের ৫ আগস্টের আগে লক্ষ্মীপুরের রামগতি, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, পটুয়াখালীর বাউফল ও বরিশাল কোতোয়ালি থানার ওসির দায়িত্বে ছিলেন। অন্যদিকে জাবীদ হাসান কুষ্টিয়ার দৌলতপুর ও চুয়াডাঙ্গার জীবননগর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। তালিকায় থাকা অন্য পরিদর্শকরা হলেন—সুনামগঞ্জের মো. রতন শেখ, শিল্পাঞ্চল পুলিশ-৬-এর সুজিত মিস্ত্রী, সাতক্ষীরার মো. মাহমুদুর রহমান ও মো. আবু বকর সিদ্দিক এবং পিরোজপুরের মো. হোসেন আল মাহাবুব।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, গোপালগঞ্জসহ ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ থানাগুলোতে পদায়নের উদ্দেশ্যে তড়িঘড়ি করে এই বদলির সিদ্ধান্ত নেওয়া হতে পারে, যদিও প্রজ্ঞাপনে সুনির্দিষ্ট কোনো থানার নাম উল্লেখ নেই। বর্তমানে ঢাকা রেঞ্জের অধীনে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর—এই ১৩টি জেলা রয়েছে। সম্প্রতি গোপালগঞ্জ ও ফরিদপুর এলাকায় নাশকতার ঘটনায় গোপালগঞ্জের ডিসি, এসপি ও তিন থানার ওসিকে বদলি করা হয়েছিল।
জরুরি ভিত্তিতে এসব কর্মকর্তাকে ঢাকা রেঞ্জে আনার কারণ জানতে অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেনকে ফোন করা হলে এবং ফোনে খুদেবার্তা পাঠালেও তাঁর সাড়া পাওয়া যায়নি। এ বিষয়ে যোগাযোগ করা হলে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা জানান, বিষয়টি তাঁর জানা নেই এবং খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাতে পারবেন।
২০২১ সালে তাঁকে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসির দায়িত্ব দেওয়া হয়।পরে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) কর্মরত অবস্থায়ও তৈমুরের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে।
২০১৯ সালে ছিলেন লক্ষ্মীপুরের রামগতি থানার ওসি।
আপনার মতামত লিখুন :