
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইটে এই ফলাফল পাওয়া যাবে। এছাড়া আবেদন করার সময় পরীক্ষার্থীদের দেওয়া মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানানো হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক আক্তারুজ্জামান এবং পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ বছর দেশের ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। তাদের আবেদনের প্রেক্ষিতে গত ১৪ দিনে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়েছে।
এর আগে গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফলাফল প্রকাশিত হয়। সেই পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন, যার মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। মূল ফলাফল প্রকাশের পরদিন ১ নভেম্বর থেকে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়েছিল। প্রকাশিত ফলে এক বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন শিক্ষার্থী।
আপনার মতামত লিখুন :