
রাজধানীর অন্যতম অভিজাত বিপণিবিতান বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে এক সময় কেনাকাটার যে উৎসবমুখর পরিবেশ থাকত, সেখানে এখন নেমে এসেছে তীব্র মন্দা। রোববার সরেজমিনে কাপড়ের দোকান, জুতার দোকান, ঘড়ি, জুয়েলারি, মোবাইল, ক্যামেরা ও ইলেকট্রনিকসের শো-রুম ঘুরে দেখা গেছে, দর্শনার্থী বা ক্রেতার আগমন হলেও প্রকৃত বিক্রি নেমে এসেছে আশঙ্কাজনক পর্যায়ে। বিশেষ করে ছোট ও মাঝারি স্তরের ব্যবসায়ীদের কেনাবেচা অর্ধেকের নিচে চলে গেছে, অনেকের বেচাবিক্রি ঠেকেছে শূন্যের কোঠায়। বিক্রি কমে যাওয়ায় লোকসান গুনে ব্যবসা টিকিয়ে রাখাই দায় হয়ে পড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
চলতি নভেম্বর মাস থেকে দেশে বিয়ের মৌসুম শুরু হলেও কাপড়ের দোকানে কাঙ্ক্ষিত বেচাকেনা নেই। মার্কেটের নারীদের বিয়ের পোশাকের দোকান ‘তানজিনা ফ্যাশন’-এর কর্মী সম্রাট হোসেন জানান, গত বছরের এই সময়ে তারা প্রতি সপ্তাহে অন্তত ২০ লাখ টাকার পণ্য বিক্রি করতেন। কিন্তু চলতি নভেম্বরের শেষ দিকে এসে সপ্তাহে সর্বোচ্চ ১ থেকে দেড় লাখ টাকার বেশি বিক্রি হচ্ছে না। অথচ প্রতিদিন তাদের দোকান চালানোর খরচই রয়েছে ৯ হাজার ২০০ টাকা। দোকানে প্রতিদিনের খরচ না ওঠায় প্রতি মাসেই বাইরে থেকে নতুন করে টাকা বিনিয়োগ করতে হচ্ছে বলে জানান তিনি।
অনুরূপ সংকটের চিত্র তুলে ধরেন ‘আলিফ-লাম’ নামের কাপড়ের দোকানের মালিক মুকুল বিশ্বাস। ব্যবসা টিকিয়ে রাখতে গ্রামের এক বিঘা জমি বিক্রি করে দোকানে নতুন করে বিনিয়োগ করতে বাধ্য হয়েছেন তিনি। তিনি জানান, আগে প্রতি মাসে ৪ লাখ ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত বিক্রি হলেও বর্তমানে মাসে কোনো মতে ১ লাখ টাকার পণ্য বিক্রি হচ্ছে, যা বিগত দুই মাসেও সম্ভব হয়নি। এই সীমিত আয় থেকেই দোকান ভাড়া, কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল ও সার্ভিস চার্জ পরিশোধ করতে গিয়ে নাভিশ্বাস উঠছে তার। অন্যদিকে ‘সিটি শপ’-এর মালিক মো. কামাল হোসেন, যিনি ১০ বছর ধরে এখানে কাপড়ের ব্যবসা করছেন, তিনি জানান যে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত তিন মাসে তার মোট ১ লাখ ৩০ হাজার টাকা লোকসান হয়েছে। টানা ৬ দিন পর তিনি এক কাস্টমারের দেখা পেয়েছেন। এমনকি তার চোখের সামনে পাশের একটি দোকানের মালিকানা তিনবার পরিবর্তিত হতে দেখেছেন তিনি।
ক্ষুদ্র ব্যবসায়ীদের তুলনায় বড় ও পরিচিত ব্র্যান্ডের দোকানগুলো তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হলেও তাদের বিক্রিও আগের চেয়ে ৪০ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত কমেছে। ব্র্যান্ড শপ ‘লুবনান’-এর ম্যানেজার মনির হোসেন জানান, তাদের নিয়মিত ক্রেতারা এলেও মধ্যবিত্ত গ্রাহকদের আগমন আগের মতো নেই। বাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়া এবং সার্বিক পরিস্থিতির কারণে এমনটি ঘটেছে বলে তিনি মন্তব্য করেন।
তীব্র সংকটের মুখে পড়েছেন জুতা ব্যবসায়ীরাও। ‘স্যু গ্যালারি’র মালিক আতিকুর রহমান অপু জানান, দোকান চালু রাখতে তিনি আট থেকে দশ লাখ টাকা ঋণ নিয়ে বিনিয়োগ করেছেন। আগের তুলনায় এখন বিক্রির পরিমাণ এক-চতুর্থাংশে নেমে এসেছে। বছরের এই সময়ে আগে যেখানে দিনে অন্তত ১৫ জোড়া কেডস বিক্রি হতো, সেখানে গত বৃহস্পতিবার তিনি মাত্র দুই জোড়া বিক্রি করতে পেরেছেন এবং রোববারেও কোনো ক্রেতার মুখ দেখেননি। সাধারণত নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাসে তাদের জুতা বিক্রির হার রোজার ঈদের চেয়েও বেশি থাকে। দোকান ভাড়া ও কর্মচারীর বেতন জমে থাকায় তিনি দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। এছাড়া ‘রিসেন্ট’, ‘এম টি স্যু’জ’ এবং ‘সুইস মিস’-এর মতো দোকানগুলোর কেনাবেচাও তলানিতে এসে ঠেকেছে।
মন্দার হাওয়া লেগেছে ঘড়ির বাজারেও, যেখানে বিক্রি কমেছে প্রায় ২০ থেকে ৩০ শতাংশ। ‘টাইম জোনের’ ম্যানেজার সাইদুর রহমান বলেন, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন অস্থিরতার কারণে সাধারণ ক্রেতাদের আনাগোনা কমে গেছে, যার ফলে তাদের বিক্রি ২০ থেকে ৩০ শতাংশ কমেছে। ‘সুইস টাইম’-এর বিক্রয়কর্মী হৃদয় ও রাহুল জানান, আগে যেখানে দিনের শুরুতে এক-দুটি ঘড়ি বিক্রি হতো, সেখানে পুরো মাসে হাতেগোনা কিছু ঘড়ি বিক্রি হয়েছে। আর ‘টাইম ভিউ’-এর কর্মী বাধন জানান, তাদের বেচাকেনা ২০ শতাংশ কমেছে এবং সামনের দিনগুলো কেমন যাবে তা নিয়ে তারা চরম উৎকণ্ঠায় রয়েছেন।
শীতকালে ওভেন ও ওয়াশিং মেশিনের মতো ইলেকট্রনিক গৃহস্থালি পণ্যের চাহিদা বাড়লেও এবারের চিত্র পুরোপুরি ভিন্ন। বসুন্ধরার ‘স্যামসাং’ শো-রুমের কর্মীরা জানান, বিদেশি ব্র্যান্ডের পণ্যের বিক্রি ৫০ শতাংশ পর্যন্ত কমে গেছে। স্যামসাং শো-রুমের ম্যানেজার মনে করেন, মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস পাওয়ার কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে।
স্মার্টফোন ও ক্যামেরার বাজারেও মন্দার চিত্র স্পষ্ট। ‘রাফসান টেলিকম’-এর রাহিদ হোসেন জানান, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে ২৫ হাজার টাকার ফোন এখন ৩২ হাজার টাকায় বিক্রি করতে হচ্ছে। চড়া দামের কারণে ক্রেতারা দাম শুনেই চলে যাচ্ছেন; কেবল শুক্রবারে ৩-৪টি ফোন বিক্রি হলেও সপ্তাহের বাকি দিন অলস বসে থাকতে হয়। ‘ইয়াসরা মোবাইল বিডি’-এর মালিক আহমেদ অপু জানান, গত তিন মাস ধরে কোভিডের লকডাউনের সময়ের চেয়েও খারাপ পরিস্থিতি যাচ্ছে। তবে নতুন ফোনের দাম বেশি থাকায় পুরানো ফোনের চাহিদা তুলনামূলক বেশি বলে জানান ‘ট্রাস্ট পয়েন্ট’-এর প্রতিনিধি রাহাদ। এছাড়া পুরোনো ক্যামেরা ক্রয়-বিক্রয় ও এক্সচেঞ্জ দোকান ‘ফটো জোনের’ নাসির উদ্দিন জানান, কয়েক মাস ধরে ক্রেতা না থাকায় তাদের মুনাফা আশঙ্কাজনকভাবে কমে গেছে।
আপনার মতামত লিখুন :