Facebook Twitter Instagram YouTube

সিরাজগঞ্জ কারাগারে ধারণক্ষমতার ৫ গুণ বন্দি, তীব্র আবাসন সংকট


প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৬, ২:২৪ অপরাহ্ণ / ০
সিরাজগঞ্জ কারাগারে ধারণক্ষমতার ৫ গুণ বন্দি, তীব্র আবাসন সংকট

সিরাজগঞ্জ জেলা কারাগার বর্তমানে তীব্র আবাসন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মাত্র ৩৫২ জন বন্দি ধারণক্ষমতার এই কারাগারে এখন এক হাজার ৬১৭ জন বন্দি রয়েছেন, যা নির্ধারিত সক্ষমতার প্রায় পাঁচ গুণ। অতিরিক্ত বন্দির চাপে বিশেষ করে রাতের বেলায় ওয়ার্ডগুলোতে জায়গা সংকুলান করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

কারা সূত্র অনুযায়ী, বর্তমানে এই কারাগারে থাকা মোট বন্দিদের মধ্যে এক হাজার ৫৪৯ জন পুরুষ এবং ৬৮ জন নারী। এদের মধ্যে একটি বড় অংশ বিচারাধীন মামলার আসামি এবং বাকিরা সাজাপ্রাপ্ত কয়েদি। গত পাঁচ বছরে কারাগারে থাকা অবস্থায় ২১ জন পুরুষ কয়েদির মৃত্যু হয়েছে, যাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়েছিল।

কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন জানান, ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি বন্দি থাকলেও থাকা-খাওয়ার ব্যবস্থা স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ জন নতুন বন্দি কারাগারে প্রবেশ করেন, আবার আদালতের নির্দেশে অনেকে মুক্তিও পান। তিনি আরও জানান, বন্দিদের নিরাপত্তার পাশাপাশি সংশোধনমূলক কার্যক্রমগুলোও চলমান রয়েছে।

কারাগারের ভারপ্রাপ্ত জেলার সাইদুল ইসলাম বলেন, ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি থাকলেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যা সৃষ্টি হয়নি। তবে কারা সংশ্লিষ্টদের মতে, দিনের বেলায় ওয়ার্ডের বাইরে চলাচলের সুযোগ থাকলেও সন্ধ্যার পর সবাইকে নির্ধারিত কক্ষে ফিরতে হয়, তখনই জায়গার সংকট প্রকট হয়ে ওঠে। বিশেষ করে গরমের সময়ে এই ভোগান্তি আরও বেড়ে যায়।

উল্লেখ্য, ১৯১৮ সালে যমুনা নদীর তীরে সিরাজগঞ্জ উপকারাগারের যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৯৯৪ সালে কান্দাপাড়া এলাকায় ৬ দশমিক ৫০ একর জমিতে জেলা কারাগারের কার্যক্রম স্থানান্তর করা হয়। ২০০০ সালে ধারণক্ষমতা বাড়ানোর লক্ষ্যে আরও চার একর জমি কেনা হলেও অবকাঠামো সম্প্রসারণে তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh