
সাতক্ষীরার শ্যামনগরে ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুল আজিজ (৫০) নামের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। সোমবার বিকেলে উপজেলার বংশীপুর ভেটখালী সড়কের পেচোর মোড় এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আব্দুল আজিজ পেশায় একজন গাড়িচালক ছিলেন। তার বর্তমান ঠিকানা শ্যামনগর উপজেলার গোডাউন মোড় এলাকায় হলেও তার আদি বাড়ি জয়নগর গাজীবাড়ি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল আজিজ তার স্ত্রী ও আত্মীয়স্বজনদের নিয়ে মোটরসাইকেলে করে ছেলের বিয়ের উদ্দেশ্যে ভেটখালী যাচ্ছিলেন। পেচোর মোড় এলাকায় পৌঁছালে ভেটখালী থেকে বংশীপুরগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল আজিজ মারা যান। মোটরসাইকেলে থাকা তার স্ত্রী দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জানিয়েছেন, ঘাতক ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে আইন অনুযায়ী মামলা গ্রহণ করে অভিযুক্ত চালককে জেলহাজতে পাঠানো হবে।
আপনার মতামত লিখুন :