Facebook Twitter Instagram YouTube

বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন রাসায়নিক জব্দ, তদন্তে ইন্দোনেশিয়া


প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৬, ৯:১৪ অপরাহ্ণ / ০
বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন রাসায়নিক জব্দ, তদন্তে ইন্দোনেশিয়া

চীন থেকে বাংলাদেশে আসার পথে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট নামের এক শক্তিশালী রাসায়নিক ও বিপুল পরিমাণ অবৈধ সিম কার্ডসহ একটি আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজ জব্দ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। গত ৭ নভেম্বর দেশটির বেলাওয়ান উপকূলীয় জলসীমায় কমোরোসের পতাকাবাহী ‘এমভি স্টার লাইন’ নামের জাহাজটি আটক করা হয়। আটককৃত এ চালানটি থেকে পাওয়া রাসায়নিক দিয়ে সম্ভাব্যভাবে প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড-১-এর (কোয়ারমাদা-১) কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা। সংবেদনশীল এ চালানের প্রকৃত মালিক কে, এর চূড়ান্ত গন্তব্য কোথায় এবং বাংলাদেশে কারা এটি গ্রহণ করার কথা ছিল, তা নিয়ে ব্যাপক তদন্ত শুরু করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির কর্তৃপক্ষ।

ইন্দোনেশীয় সংবাদমাধ্যম ওয়াসপাদা ডট আইডির প্রতিবেদন সূত্রে জানা গেছে, জ্বালানি নেওয়ার উদ্দেশে এমভি স্টার লাইন জাহাজটি বেলাওয়ান উপকূলে নোঙর করেছিল। সে সময় নির্ধারিত নৌপথের বাইরে জাহাজটির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন ইন্দোনেশিয়ার নৌবাহিনীর টহল জাহাজ ‘কেআরআই সিগালু-৮৫৭’-এর সদস্যরা। সন্দেহ হওয়ায় তারা জাহাজের সঙ্গে যোগাযোগ করে নথিপত্র পরীক্ষা শুরু করেন। তখন জাহাজের কাগজপত্রের সঙ্গে মালামালের তথ্যে বড় ধরনের অসংগতি দেখতে পেয়ে আঞ্চলিক সদর দপ্তরের নির্দেশে বিস্তারিত তল্লাশি চালানো হয়। তল্লাশিতে মোট ৩৬টি কনটেইনারের মধ্যে ১৫টিতে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট এবং বাকি ৫৪টি প্যালেটে রাখা লাখ লাখ নিবন্ধনহীন ফাঁকা ফোরজি এলটিই (4G LTE) সিম কার্ড উদ্ধার করা হয়।

আটক করা জাহাজটির নথিপত্রে মেয়াদ শেষ হওয়ার তারিখ ২০ ২৭ সালের ৮ অক্টোবর উল্লেখ থাকলেও তার বৈধতার বর্তমান অবস্থান ‘স্থগিত’ হিসেবে দেখানো হয়েছে। রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা জানান, নৌযাত্রার বৈধতা, বিপজ্জনক পণ্য পরিবহনের আন্তর্জাতিক নিয়ম মেনে চলা হয়েছিল কি না এবং প্রশাসনিক তথ্যের সত্যতা যাচাই করতে তদন্ত চলছে। এছাড়া জাহাজের নাবিকদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি নথিপত্রের অসংগতি খতিয়ে দেখে প্রকৃত প্রাপকের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোডিয়াম পারক্লোরেট মূলত একটি শক্তিশালী জারক রাসায়নিক, যা নিজে সরাসরি জ্বালানি বা বিস্ফোরক না হলেও নির্দিষ্ট পরিস্থিতিতে দহন প্রক্রিয়াকে অত্যন্ত তীব্র করে তোলে। শিল্পকারখানা ও গবেষণাগারে এর ব্যবহার ছাড়াও এটি রকেট ও ক্ষেপণাস্ত্রের প্রপেল্যান্ট, বিস্ফোরক এবং পাইরোটেকনিক পণ্য তৈরিতে ব্যবহৃত হয়। সঠিক ব্যবস্থাপনা না থাকলে এই রাসায়নিক থেকে মারাত্মক অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হতে পারে, তাই এর পরিবহনে কঠোর নিরাপত্তাবিধি মানা বাধ্যতামূলক। বিপুল পরিমাণ এই রাসায়নিক আটকের ঘটনা আন্তর্জাতিক নৌপথে সংবেদনশীল শিল্প রাসায়নিক পরিবহন নিয়ে নজরদারির প্রশ্ন তুলে দিয়েছে। তবে এ চালানের সঙ্গে বাংলাদেশের কোনো সামরিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচির সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণ বা নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin