Facebook Twitter Instagram YouTube

পাবনার ঈশ্বরদীতে গোলাগুলিতে ছাত্রদলের ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ


প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ / ০
পাবনার ঈশ্বরদীতে গোলাগুলিতে ছাত্রদলের ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ

পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তদের অতর্কিত হামলা ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন এবং আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী মাজদিয়া রঙিলা মোড় এলাকায় এই সহিংসতার ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন ঈশ্বরদী পৌর শহরের পূর্ব টেংরি এলাকার মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রিফাত, তছেরপাড়া এলাকার নবীর ছেলে মহিদুল, ঈদগাহ রোড এলাকার রিশাদ এবং শৈলপাড়া এলাকার রবিউল। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

আহত নেতাকর্মীদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সোমবার সন্ধ্যায় মাজদিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। ওই সময় মুখোশধারী একদল দুর্বৃত্ত হঠাৎ তাদের ওপর চড়াও হয় এবং লক্ষ্য করে গুলি ছুড়লে পাঁচজন গুলিবিদ্ধ হন। তবে ঘটনায় জড়িত হামলাকারীদের পরিচয় কিংবা নেপথ্যের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। আহতদের স্বজনদের কোনো বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

অন্যদিকে স্থানীয় সূত্র জানায়, সাঁড়া মাজদিয়া এলাকায় দীর্ঘদিন ধরে আঞ্চলিক আধিপত্য বিস্তার নিয়ে দু’টি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরেই এই গোলাগুলির ঘটনা ঘটতে পারে বলে স্থানীয় বাসিন্দারা ধারণা করছেন।

গোলাগুলির বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিক তথ্যানুযায়ী আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে। তবে এই সহিংসতার সাথে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে।

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ২০: ২৭আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ২০: ৩১

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh