Facebook Twitter Instagram YouTube

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ বাড়াল শিক্ষা মন্ত্রণালয়


প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৬, ৯:২২ অপরাহ্ণ / ০
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ বাড়াল শিক্ষা মন্ত্রণালয়

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অ্যাডহক কমিটির মেয়াদ আরও ছয় মাস বৃদ্ধি করেছে শিক্ষা মন্ত্রণালয়। যেসব প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ ইতিমধ্যে উত্তীর্ণ হয়েছে অথবা শিগগিরই শেষ হতে যাচ্ছে, নির্দেশনামোতাবেক সেসব কমিটির ক্ষেত্রেই এই বর্ধিত সময়সীমা কার্যকর হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে সোমবার (২৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ পিএম) এ সংক্রান্ত আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হয়। উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত এ নির্দেশনায় বলা হয়েছে, মেয়াদ উত্তীর্ণের তারিখ থেকেই এই বাড়তি ছয় মাস গণনা করা হবে। একই সঙ্গে বর্ধিত মেয়াদে অ্যাডহক কমিটির সভাপতি যথানিয়মে শিক্ষকদের বেতন-ভাতার বিলে স্বাক্ষর করতে পারবেন বলে উল্লেখ করা হয়েছে।

জারি করা আদেশের অনুলিপি কার্যকর পদক্ষেপ ও অবগতির জন্য দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসক (ডিসি), শিক্ষামন্ত্রীর একান্ত সচিব এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের একান্ত সচিবের কাছে পাঠানো হয়েছে। এ ছাড়া সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আঞ্চলিক কার্যালয়ের পরিচালক ও উপপরিচালক এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছেও এই নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor