
দীপ্ত টিভিতে প্রচারের অপেক্ষায় রয়েছে নতুন মেগা সিরিয়াল 'এআই জুনিয়র'। নাটকের কাহিনী আবর্তিত হয়েছে একটি শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে। জহির ও তামান্না দম্পতি গাড়ি দুর্ঘটনায় তাদের একমাত্র সন্তান রাফসানকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। বিশেষ করে ঘটনার পর থেকে তামান্না মানসিকভাবে ভেঙে পড়েন।
রাফসানের মৃত্যুর জন্য নিজেকে দায়ী করা বিজ্ঞানী মিনহাজ এই শোক কাটিয়ে উঠতে একটি বিশেষ পদক্ষেপ নেন। তিনি রাফসানের মতো দেখতে একটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) তৈরি করে তামান্নার কাছে পাঠান, যার নাম দেওয়া হয় 'জুনিয়র'। নানা ধরনের সুপার পাওয়ার থাকা সত্ত্বেও জুনিয়রের পক্ষে তামান্নার মুখে হাসি ফোটানো সম্ভব হয় না। জুনিয়র বুঝতে পারে, মায়ের মুখে হাসি ফেরাতে হলে তাকে পুরোপুরি রাফসান হয়ে উঠতে হবে। কিন্তু একটি কৃত্রিম বুদ্ধিমত্তার পক্ষে কি মানুষ হওয়া সম্ভব? এমন প্রশ্ন নিয়েই এগিয়েছে নাটকের গল্প।
নাসিমুল হাসানের চিত্রনাট্য ও সংলাপে নাটকটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম রাজু। এতে অভিনয় করেছেন রিচি সোলায়মান, রওনক হাসান, রাই রাজন্য ও জিনাত শানু স্বাগতাসহ অনেকে। এআই জুনিয়রের চরিত্রে অভিনয় করছেন তাওহীদুল ইসলাম তাইফ।
আপনার মতামত লিখুন :