Facebook Twitter Instagram YouTube

দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ


প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৬, ৮:১৬ পূর্বাহ্ণ / ০ Views
দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করামাত্রই তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে বর্তমান সরকার। ডিসেম্বরে তার দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ও রাজপথে সহিংসতা নতুন করে বাড়ার মধ্যে সরকারের একজন জ্যেষ্ঠ মন্ত্রী এ কথা বলেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রয়টার্সকে বলেন, বাংলাদেশ শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এ ক্ষেত্রে দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি মেনে ভারত তাকে ফেরত দেবে বলে আশা করছে ঢাকা। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে গত এপ্রিলে তারা জানিয়েছিল, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে দীর্ঘদিনের শাসনের অবসান হওয়ার পর শেখ হাসিনার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। বাংলাদেশে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই অভ্যুত্থান চলাকালে সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। ২০২৪ সালের আগস্টে পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়লে শেখ হাসিনা ঢাকা ছেড়ে ভারতে চলে যান। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা সামনে রেখে তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। তবে সরকার তার আবেদন প্রত্যাখ্যান করেছে।

রোববার এক সাক্ষাৎকারে শামা ওবায়েদ ইসলাম বলেন, তিনি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করামাত্রই গ্রেপ্তার হবেন। তাকে কারাগারে নেওয়া হবে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, আমরা চাই ভারত প্রত্যর্পণ চুক্তির প্রতি সম্মান জানিয়ে দণ্ডিত ব্যক্তি হিসেবে তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করুক। এরপর আইন নিজস্ব গতিতে চলবে। শেখ হাসিনাকে তার পরিণতির মুখোমুখি হতে হবে।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি সামনে আসায় আওয়ামী লীগের সমর্থকেরা রাজপথে সক্রিয় হয়েছেন। চলতি মাসে দলটি শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে এক সপ্তাহের বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। এর অংশ হিসেবে ১৯ নভেম্বর দেশব্যাপী লকডাউন কর্মসূচি পালন করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১০ দিনে অন্তত ২৮টি জেলায় কয়েক ডজন ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

শামা ওবায়েদ ইসলাম এই সহিংসতাকে শেখ হাসিনার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়া দলের টিকে থাকার কৌশল বলে মন্তব্য করেন। তবে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা খালিদ মাহমুদ চৌধুরী এসব সহিংসতার জন্য বর্তমান রাজনৈতিক ব্যবস্থাকে দায়ী করেছেন। শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত থেকে কোনো উড়োজাহাজ পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতকে নিজেদের পররাষ্ট্রনীতি কী হবে, তা ঠিক করতে হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin