Facebook Twitter Instagram YouTube

চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী পাকিস্তানের জিশান আলী


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ণ / ০
চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী পাকিস্তানের জিশান আলী

চীনের নিজস্ব তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী হিসেবে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছেন পাকিস্তানের ৪০ বছর বয়সী পাইলট জিশান আলী। উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ১৮ মিনিটে শেনঝৌ-২৪ মহাকাশযানটি লং মার্চ-২এফ রকেটের সাহায্যে সফলভাবে উৎক্ষেপণ করা হয়। বেইজিং অ্যারোস্পেস কন্ট্রোল সেন্টারের ফ্লাইট ডেটা ও প্রতিবেদন পর্যালোচনা করে জিউকুয়ান কেন্দ্র থেকে এই অভিযানকে ‘সম্পূর্ণ সফল’ ঘোষণা করা হয়েছে। শেনঝৌ-২৪ নির্ধারিত কক্ষপথে পৌঁছেছে এবং এর সব ধরনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) ২০৩০ সালের মধ্যে অবসরে যাওয়ার সম্ভাবনার প্রেক্ষাপটে নিজেদের তৈরি ‘তিয়াংগং’ (যার অর্থ ‘স্বর্গীয় প্রাসাদ’) মহাকাশ স্টেশনকে বৈশ্বিক সহযোগিতার কেন্দ্রে পরিণত করতে চায় বেইজিং। ২০২২ সালের শেষ দিক থেকে পুরোপুরি কার্যকর এই স্টেশনে সর্বোচ্চ ছয়জন নভোচারী থাকতে পারেন। এই প্রেক্ষাপটে শেনঝৌ-২৪ অভিযানে তিন সদস্যের দলের অন্যতম প্রতিনিধি হিসেবে মহাকাশে পাড়ি দিয়েছেন জিশান আলী। অভিযানে তিনি পেলোড বিশেষজ্ঞের দায়িত্ব পালন করবেন। দলের অন্য দুই সদস্য হলেন চীনা কমান্ডার তাং হংবো এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ই। মহাকাশ স্টেশনে আগামী পাঁচ থেকে ১০ দিন অবস্থানকালে তিনি বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষায় অংশ নেবেন।

মহাকাশযাত্রার প্রস্তুতির অংশ হিসেবে বেইজিংয়ে টানা সাত মাসের নিবিড় প্রশিক্ষণ গ্রহণ করেছেন জিশান আলী। এই সময় তাকে চীনা ভাষার পাশাপাশি দেশটির গান শেখা, কবিতা পড়া, ক্যালিগ্রাফি অনুশীলন ও টেবিল টেনিস খেলার প্রশিক্ষণও দেওয়া হয়। এই ঐতিহাসিক যাত্রা সম্পর্কে সাংবাদিকদের জিশান আলী বলেন, ‘আমি নিজের জন্য মহাকাশে যাচ্ছি না। আমার কাঁধে পাকিস্তানের নাম বহন করছি।’ দুই দেশের ভবিষ্যতের মহাকাশ গবেষণা নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি আশা করি, চীন-পাকিস্তান মহাকাশ সহযোগিতার পরবর্তী অধ্যায় একজন নভোচারী ও একটি অভিযানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং তা একাধিক যৌথ অভিযান, চাঁদ, মঙ্গল এবং আরও দূর পর্যন্ত বিস্তৃত হবে।’

পাকিস্তানের এই অর্জনকে ‘ঐতিহাসিক ঘটনা’ বলে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘পাকিস্তান-চীন বন্ধুত্ব হিমালয়ের উচ্চতা ছাড়িয়ে মহাকাশের পথে এগিয়ে যাচ্ছে।’ নব্বইয়ের দশকের শুরু থেকেই চীন ও পাকিস্তানের মধ্যে মহাকাশ গবেষণায় কৌশলগত সহযোগিতা রয়েছে। এরই মধ্যে চীনের মাধ্যমে পাকিস্তানের একাধিক স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। এ ছাড়া ২০২৮ সালের দিকে চীনের একটি চন্দ্র অভিযানে পাকিস্তানের তৈরি একটি রোভার অংশ নেওয়ার কথা রয়েছে।

হংকংভিত্তিক অরবিটাল গেটওয়ে কনসাল্টিংয়ের প্রতিষ্ঠাতা ব্লেইন কারসিও অভিমত প্রকাশ করে জানান, চীনা নভোচারীদের সাধারণ ছয় মাসের আবর্তনকালীন দায়িত্বের তুলনায় আলীর অবস্থান সংক্ষিপ্ত হলেও এটি পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অভিযানের মাধ্যমে পাকিস্তান আন্তর্জাতিক মর্যাদা, প্রয়োজনীয় বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত জ্ঞান অর্জন এবং চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার সুযোগ পাবে। পাশাপাশি একজন বিদেশি নভোচারীকে মহাকাশ স্টেশনে স্বাগত জানিয়ে চীন বিশ্ববাসীকে আন্তর্জাতিক সহযোগিতার জন্য নিজেদের উন্মুক্ত থাকার স্পষ্ট বার্তা দিচ্ছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সিকিউর ওয়ার্ল্ড ফাউন্ডেশনের মহাকাশ নিরাপত্তা ও স্থিতিশীলতা বিভাগের প্রধান পরিচালক ভিক্টোরিয়া স্যামসন মনে করেন, আন্তর্জাতিক অঙ্গনে নিজের প্রভাব বাড়াতে মহাকাশ কর্মসূচিকে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহারে চীন বেশ দক্ষ। তিনি জানান, বিভিন্ন দেশের স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণ এবং গ্লোবাল সাউথের রাষ্ট্রগুলোতে টেলিস্কোপ ও ট্র্যাকিং সেন্টার স্থাপনের মতো ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হচ্ছে।

এবারের মহাকাশ স্টেশনের দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়ায় বিশেষ কিছু কৌশলগত পরিবর্তন আনা হয়েছে। শেনঝৌ-২৩ অভিযানের কমান্ডার ঝু ইয়াংঝু তিয়াংগং স্টেশনে আরও অবস্থান করবেন এবং মহাকাশে মানবদেহের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব সংক্রান্ত চীনা গবেষণায় ভূমিকা রাখবেন। তিনি টানা এক বছর মহাকাশে অবস্থান করে কোনো চীনা নভোচারীর দীর্ঘতম অবস্থানের নতুন রেকর্ড গড়বেন। অন্যদিকে শেনঝৌ-২৩ দলের বাকি সদস্যরা জিশান আলীর সঙ্গেই পৃথিবীতে ফিরে আসবেন। মানুষ চাঁদে পাঠানো এবং ভবিষ্যৎ মঙ্গল অভিযানের শারীরিক ও প্রযুক্তিগত প্রস্তুতির জন্য ঝুর এই গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মহাকাশ গবেষণায় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বৈশ্বিক প্রতিযোগিতা সাম্প্রতিক সময়ে তীব্র আকার ধারণ করেছে। বেইজিং ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য বজায় রেখেছে, যদিও বৈরী আবহাওয়ার কারণে চলতি বছর চ্যাং’ই-৭ চন্দ্রাভিযানের পরিকল্পনা কিছুটা ব্যাহত হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ২০২৮ সালের মধ্যে পুনরায় চন্দ্রে মানব অভিযান পাঠাতে চায়। এর পাশাপাশি রাশিয়ার সঙ্গে মিলে ২০৩৫ সালের মধ্যে চাঁদে যৌথ গবেষণা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করছে চীন। ওয়াশিংটন আশঙ্কা প্রকাশ করছে যে বেইজিং চাঁদের খনিজ সম্পদে সমৃদ্ধ অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ নিতে পারে, তবে চীন সেই দাবি ভিত্তিহীন আখ্যা দিয়ে পুনর্ব্যক্ত করেছে যে তারা মহাকাশের কেবল শান্তিপূর্ণ ব্যবহারে বিশ্বাস করে।

আমার কাঁধে পাকিস্তানের নাম বহন করছি।’অভিযানের ভবিষ্যৎ নিয়ে জিশান আলী বলেন, ‘আমি আশা করি, চীন-পাকিস্তান মহাকাশ সহযোগিতার পরবর্তী অধ্যায় একজন নভোচারী ও একটি অভিযানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং তা একাধিক যৌথ অভিযান, চাঁদ, মঙ্গল এবং আরও দূর পর্যন্ত বিস্তৃত হবে।’ উল্লেখ্য, ১৯৯০-এর দশকের শুরু থেকেই মহাকাশ গবেষণায় চীন ও পাকিস্তানের সহযোগিতা রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy