Facebook Twitter Instagram YouTube

গোপালগঞ্জে সহিংসতায় জড়িত অভিযোগে এসআরবি কর্মকর্তা আটক


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ণ / ০
গোপালগঞ্জে সহিংসতায় জড়িত অভিযোগে এসআরবি কর্মকর্তা আটক

গোপালগঞ্জে নতুন করে সহিংসতা ও নাশকতার আশঙ্কার প্রেক্ষাপটে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জে সংঘটিত সহিংসতার ঘটনায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একজন কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে আটক করা হয়েছে। আটকের আগে তাকে এসআরবি-১১ এবং ব্যাটালিয়নের সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে পুলিশের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

গোপালগঞ্জসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পুলিশ ও প্রশাসনের ৩০ জন কর্মকর্তাকে বর্তমানে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। মূলত সহিংসতার পরিকল্পনা, উসকানি এবং অর্থায়নের সঙ্গে জড়িতদের শনাক্ত করাই এর লক্ষ্য। কেবল এসআরবি সদস্যদের নয়, গোপালগঞ্জ ও এর আশপাশের এলাকায় কর্মরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য কর্মকর্তাদের কর্মকাণ্ডও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িকভাবে ঢাকা রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় যৌথবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে, জননিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার দেশের আট জেলায় মোট ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে দুই ব্যাটালিয়ন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায়ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh