Facebook Twitter Instagram YouTube

বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের পথে ট্রাম্প প্রশাসন


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ১২:৪১ অপরাহ্ণ / ০ Views
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের পথে ট্রাম্প প্রশাসন

বাংলাদেশ, ভারত, চীন ও ইউরোপীয় ইউনিয়নসহ মোট ১৬টি বাণিজ্যিক অংশীদার দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে পরিচালিত একটি তদন্তের ভিত্তিতে এই শুল্ক প্রস্তাব করা হতে পারে। বুধবার মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার এই তদন্তের ফলাফল প্রকাশ করতে পারেন বলে রয়টার্স ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানানো হয়েছে।

তালিকায় থাকা ১৬টি দেশ ও জোটের মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর ও কম্বোডিয়া। মার্কিন প্রশাসনের দাবি, এসব দেশ নিজ নিজ শিল্প খাতে ভর্তুকি ও সরকারি সহায়তা প্রদান করায় অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তৈরি হয়েছে। এর ফলে সস্তা পণ্যে বিশ্ববাজার সয়লাব হওয়ার পাশাপাশি মার্কিন উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। গত ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট ট্রাম্পের আগের বৈশ্বিক শুল্ক বাতিল করার পর বিকল্প পদক্ষেপ হিসেবে এটি গ্রহণ করা হচ্ছে। ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার অধীনে গত ১১ই মার্চ এই তদন্ত শুরু করেছিল ইউএসটিআর।

নতুন শুল্কের চূড়ান্ত হার এখনো স্পষ্ট নয়। তবে সংশ্লিষ্ট সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, প্রতিটি দেশের জন্য আলাদা হার নির্ধারণ করা হতে পারে। এছাড়া মেক্সিকো ও নরওয়ের মতো দেশে তাৎক্ষণিক শুল্ক নাও পড়তে পারে। ওয়াশিংটন চূড়ান্ত বাণিজ্য চুক্তি থাকা দেশগুলোর ক্ষেত্রে নির্ধারিত শুল্কসীমা বজায় রাখতে পারে। উদাহরণস্বরূপ, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার জন্য ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার জন্য ১৯ শতাংশ সীমা রয়েছে। চীনের সাথে আগামী ১০ই জানুয়ারি পর্যন্ত নতুন শুল্ক আরোপে বিরতি থাকায় ২০ শতাংশ সীমা বহাল থাকার সম্ভাবনা রয়েছে। তবে জাতীয় নিরাপত্তা আইনের আওতায় থাকা ইস্পাত, অ্যালুমিনিয়াম ও অটোমোবাইলের মতো পণ্য এই শুল্কের বাইরে থাকতে পারে। সাবেক জ্যেষ্ঠ মার্কিন বাণিজ্য কর্মকর্তা রায়ান মাজেরুসের মতে, ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক প্রস্তাব করা হতে পারে। গত জুলাইয়ে জোরপূর্বক শ্রম বিষয়ক তদন্তের পর এই দেশগুলোর ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল ইউএসটিআর, যা নতুন এই শুল্কের সাথে যুক্ত হতে পারে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়েও ভারত এখনো কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি। নয়াদিল্লি মার্কিন বাজারে বাংলাদেশ, ভিয়েতনাম ও কম্বোডিয়ার তুলনায় কম শুল্ক আদায়ের চেষ্টা করছে। এদিকে, ট্রাম্পের শুল্ক নীতি যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়াচ্ছে বলে অভিযোগ রয়েছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটদের জয়ের পর রয়টার্সের এক জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ মার্কিন নাগরিক এই শুল্ক বাতিলের পক্ষে মত দিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin