Facebook Twitter Instagram YouTube

দেশে ১০০টির বেশি গ্রিন শিপ ইয়ার্ড গড়বে সরকার: শিল্পসচিব


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ১:৩৫ অপরাহ্ণ / ০
দেশে ১০০টির বেশি গ্রিন শিপ ইয়ার্ড গড়বে সরকার: শিল্পসচিব

চট্টগ্রামে আয়োজিত এক কর্মশালায় শিল্পসচিব আবদুন নাসের খান জানিয়েছেন, দেশের জাহাজ পুনর্ব্যবহার (শিপ রিসাইক্লিং) শিল্পকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পরিবেশবান্ধব করতে সরকার ১০০টির বেশি গ্রিন ইয়ার্ড তৈরির উদ্যোগ নিয়েছে। এর পাশাপাশি পরবর্তী তিন বছরের মধ্যে বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনায় একটি আধুনিক কেন্দ্রীয় শোধনাগার বা ট্রিটমেন্ট, স্টোরেজ অ্যান্ড ডিসপোজাল ফ্যাসিলিটি (টিএসডিএফ) স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তদারকি কার্যক্রম জোরদার করা এবং ইয়ার্ডে কর্মরত শ্রমিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করাও এই উদ্যোগের অংশ।

গত মঙ্গলবার (২৪ নভেম্বর) চট্টগ্রামের র‌্যাডিসন ব্লু হোটেলে ‘সেফ অ্যান্ড এনভায়রনমেন্টালি সাউন্ড শিপ রিসাইক্লিং অব শিপস’ (সেন্সরেক-ডিডব্লিউ) প্রকল্পের চতুর্থ পর্যায়ের সূচনা ও পর্যালোচনা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পসচিব এসব তথ্য জানান। তিনি জানান, নির্ধারিত সময়ের আগেই বর্জ্য শোধনাগার তৈরির সর্বাত্মক চেষ্টা চালানো হবে। প্রস্তাবিত এই শোধনাগারে জাহাজ ভাঙা শিল্পের বর্জ্যের পাশাপাশি মিরসরাই শিল্পাঞ্চলের শিল্পবর্জ্যও শোধন করা হবে। প্রকল্পের প্রাথমিক সমীক্ষা ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় শেষ হয়েছে এবং শিগগিরই আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে।

শিল্পসচিব আবদুন নাসের খান জানান, বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ডের (বিএসআরবি) জনবল সংকট নিরসনে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে বোর্ডের তদারকি, গবেষণা ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে এবং চট্টগ্রাম কার্যালয়কে ডিজিটালাইজড করা হচ্ছে। সরকার ইয়ার্ডগুলোর পরিবেশগত শ্রেণিবিন্যাস ‘লাল’ থেকে ‘কমলা’ শ্রেণিতে স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে, যার আনুসঙ্গিক প্রক্রিয়া পরিবেশ মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি নরওয়ের আর্থিক সহায়তায় এবং আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কারিগরি সহযোগিতায় বাস্তবায়ন করছে শিল্প মন্ত্রণালয়। এর মাধ্যমে হংকং কনভেনশনের মানদণ্ড অর্জন, শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান ও বিএসআরবির আইনি সংস্কার তরান্বিত করা হবে।

কর্মশালায় পেশ করা নথিতে দেখা যায়, বাংলাদেশে প্রতি বছর প্রায় ২০০টি জাহাজ পুনর্ব্যবহার করা হয়, যা লাইট ডিসপ্লেসমেন্ট টন (এলডিটি) হিসেবে বিশ্ববাজারের প্রায় ৩০ শতাংশ। আগামী ২০ ৩০ সালের মধ্যে সারা বিশ্বে প্রায় ১৬ হাজার জাহাজ পুনর্ব্যবহারের উপযোগী হয়ে উঠবে। এ প্রসঙ্গে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) উপদেষ্টা জহিরুল ইসলাম রিংকু বলেন, আগামী এক দশকে বাংলাদেশ বৈশ্বিক বাজারের ৪০ শতাংশ নিয়ন্ত্রণ করতে পারলে ৬ থেকে ৭ হাজার জাহাজ রিসাইকেল করার সুযোগ সৃষ্টি হবে। এর জন্য বছরে ৬০০ থেকে ৭০০টি জাহাজ প্রক্রিয়াজাত করার সক্ষমতা প্রয়োজন, যেখানে গত দশকে বছরে সর্বোচ্চ প্রায় ৩০০টি জাহাজ ভাঙা সম্ভব হয়েছিল।

তিনি আরও উল্লেখ করেন, ইউরোপে গ্রিন স্টিল উৎপাদনে ইলেকট্রিক আর্ক ফার্নেসের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় স্ক্র্যাপ স্টিলের আন্তর্জাতিক চাহিদা বাড়বে। তবে বৈশ্বিক জাহাজমালিকদের আস্থা অর্জনে বিপজ্জনক বর্জ্যের সঠিক ট্র্যাকিং ও চূড়ান্ত নিস্পতি নিশ্চিত করা জরুরি। শ্রমিকদের মজুরি নিয়ে তিনি জানান, ২০১৮ সালে বাস্তবায়িত ১৬ হাজার টাকার ন্যূনতম মজুরি ইয়ার্ডগুলো চালু রেখেছে এবং বর্তমানে সরকারের নতুন মজুরি কাঠামো পর্যালোচনায় মালিক সমিতিও অংশ নিচ্ছে। অনুষ্ঠানে বিএসবিআরএর সভাপতি ও পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন চৌধুরী স্বাগত বক্তব্য দেন। কর্মশালায় আইএমওর প্রকল্প কারিগরি ব্যবস্থাপক জন আলোনসো, আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, জাতিসংঘের বাংলাদেশ আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক এবং ঢাকার নরওয়ে দূতাবাসের উপপ্রধান আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন উপস্থিত ছিলেন।

২০৩০ সালের মধ্যে বিশ্বে প্রায় ১৬ হাজার জাহাজ পুনর্ব্যবহারের উপযোগী হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh