
দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জনে। আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন এই হালনাগাদ ভোটার তালিকার ওপর ভিত্তি করেই পরিচালনা করা হবে। বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইসির দেওয়া তথ্যানুযায়ী, হালনাগাদ করা এই তালিকায় পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন এবং নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন। এছাড়া নিবন্ধিত ভোটারদের মধ্যে সর্বমোট ১ হাজার ২৯৭ জন তৃতীয় লিঙ্গের নাগরিক রয়েছেন। সিনিয়র সচিব জানান, গত ৩১ আগস্ট যে ভোটার তথ্য প্রকাশ করা হয়েছিল, তারপর থেকে এ পর্যন্ত নতুন করে ৪ লাখ ৫২ লাখ ১০৬ জন ভোটার নতুন তালিকায় যুক্ত হয়েছেন।
স্থানীয় সরকারের ইউপি নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে অংশীজনদের মতামত নিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে কমিশন। এই নির্বাচনকে সামনে রেখে আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উদ্দেশ্যে ইতোমধ্যে নিবন্ধিত ৫৫টি রাজনৈতিক দলকে সংলাপে অংশ নিতে ইসির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি আরও বলেন, ‘‘ইউপি নির্বাচন নিয়ে আগামী ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোনের সাথে কমিশনের মতবিনিময় করার কথা রয়েছে। ৫৫টি দলকে এই সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে।’’
আপনার মতামত লিখুন :