Facebook Twitter Instagram YouTube

পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ হবে প্রতি তিন বছরে: শ্রমমন্ত্রী


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ / ০
পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ হবে প্রতি তিন বছরে: শ্রমমন্ত্রী

দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের জীবনের মানোন্নয়ন ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে গঠিত মজুরি বোর্ড নতুন মজুরি কাঠামোর সুপারিশ চূড়ান্ত করেছে। এ ঘোষণার পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, এখন থেকে পোশাকশ্রমিকদের বেতন পুনর্নির্ধারণের সময়সীমা ৫ বছরের বদলে প্রতি ৩ বছরে নামিয়ে আনা হয়েছে। সরকার শ্রম আইনে ইতিবাচক সংস্কার এনে এ পদক্ষেপ নিয়েছে, যা শ্রমিকদের আর্থিক সুরক্ষা দেওয়ার পাশাপাশি জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে সহায়তা করবে।

আজ অনুষ্ঠিত নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকে পোশাকশ্রমিকদের গ্রেডভিত্তিক নতুন মজুরি সুপারিশ করা হয়। নতুন এই কাঠামো অনুযায়ী, ১ম গ্রেডের ন্যূনতম মজুরি ২১ হাজার ৫০০ টাকা, ২য় গ্রেডে ২০ হাজার টাকা, ৩য় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা এবং ৪থ গ্রেডে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন এ মজুরি কাঠামো চূড়ান্ত করায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী নিম্নতম মজুরি বোর্ডের বিজ্ঞ চেয়ারম্যান, সম্মানিত সদস্য এবং শ্রমিক ও মালিকপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি দাঁড়িয়ে আছে শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম ও ঘামের ওপর। দ্রব্যমূল্য, বর্তমান বাজার পরিস্থিতি এবং শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনা করেই মজুরি বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে, যাতে তাঁরা সম্মান ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন।

মজুরি কাঠামোর পরিসংখ্যানগত তুলনা করে আরিফুল হক চৌধুরী বলেন, ২০২৩ সালে মজুরি বোর্ড সর্বনিম্ন গ্রেডে বছরওয়ারি ১১.২৫ শতাংশ হারে বাড়িয়ে ১২,৫০০ টাকা ন্যূনতম মজুরি বেঁধে দিয়েছিল। বিপরীতে ২০২৬ সালের জন্য মজুরি বোর্ড সর্বনিম্ন গ্রেডে বছরওয়ারি ১২ শতাংশ হারে বৃদ্ধির মাধ্যমে ১৭,০০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে। এ হিসাব পর্যালোচনা করলে দেখা যায়, আগে বিভিন্ন সময়ে ঘোষিত বছরওয়ারি ন্যূনতম মজুরি বৃদ্ধির হারের চেয়ে ২০২৬ সালে সুপারিশকৃত বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি।

শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার, ভালুকা ও চট্টগ্রামসহ শিল্পঘন সাতটি এলাকায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। এই উদ্যোগের অংশ হিসেবে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে টঙ্গীতে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

শিল্পখাতে কাজের স্বাভাবিক পরিবেশ ও উৎপাদনশীলতা ধরে রাখতে মন্ত্রী শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে ফিরে নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুরোধ জানান। একই সঙ্গে দেশের অর্থনীতির চাকা বেগবান রাখতে মালিকপক্ষকেও শ্রমিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy