Facebook Twitter Instagram YouTube

আদালতে হাজির না করায় জ্যোতিকা জ্যোতির রিমান্ড শুনানি পিছিয়ে ৩০ নভেম্বর


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ / ০
আদালতে হাজির না করায় জ্যোতিকা জ্যোতির রিমান্ড শুনানি পিছিয়ে ৩০ নভেম্বর

জুলাই আন্দোলন দমনে অর্থ জোগান ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড শুনানির নতুন তারিখ আগামী ৩০ নভেম্বর ধার্য করেছেন আদালত। বুধবার (২৫ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে শুনানি হওয়ার কথা ছিল। তবে এদিন কারাগার থেকে জ্যোতিকে আদালতে উপস্থিত না করায় শুনানি পিছিয়ে তার উপস্থিতিতে নতুন দিন ধার্য করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৮ নভেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ১৯ নভেম্বর তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরবর্তীতে গত ২১ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি গুলশান জোনাল টিমের উপপরিদর্শক মুর্শিদুল আলম তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন জমা দেন।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে রাজধানীর ভাটারা থানার সামনের পাকা সড়কে এক দফা দাবির সমর্থনে ছাত্র-জনতা মিছিল বের করেন। ওই সময় আসামিরা অবৈধ ও দেশি অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালান। এ সময় মামলার বাদী এনামুল হক ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং পরবর্তীতে দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

উক্ত ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন এনামুল হক। এ মামলার এজাহারে জ্যোতিকা জ্যোতিকে ২১৬ নম্বর আসামি করা হয়েছে। এজাহারে জ্যোতি ছাড়াও আরও ১৬ জন অভিনয়শিল্পীর নাম রয়েছে, যাদের বিরুদ্ধে আন্দোলন দমনে বিপুল পরিমাণ অর্থের জোগান দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

পুলিশের করা রিমান্ড আবেদনে জ্যোতিকা জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচটি কারণ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে পলাতক আসামিদের পরিচয় ও অবস্থান শনাক্ত করা, ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও আলামত উদ্ধার, অর্থায়নের নেটওয়ার্ক তদন্ত এবং এ ঘটনায় জ্যোতির সরাসরি সংশ্লিষ্টতা যাচাই করা। আগামী ৩০ নভেম্বর আসামির উপস্থিতিতে এ রিমান্ড আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh