Facebook Twitter Instagram YouTube

রক্ষণাবেক্ষণের জন্য বুধবার রাত থেকে বন্ধ আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ / ০
রক্ষণাবেক্ষণের জন্য বুধবার রাত থেকে বন্ধ আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গড্ডা বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য বুধবার মধ্যরাত থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতীয় কোম্পানিটি জানিয়েছে, এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে। তবে কেন্দ্রটির সমান ক্ষমতার অপর ইউনিটটি স্বাভাবিকভাবে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ অব্যাহত রাখবে।

আদানি পাওয়ারের পক্ষ থেকে বুধবার (২৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে যে, বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় আগে থেকেই এই পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। বিষয়টি নিয়ে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সম্মতি প্রদান করে। এই বিরতিকালে কেন্দ্রটির প্রয়োজনীয় যন্ত্রপাতি পরীক্ষা, সার্ভিসিং এবং ভবিষ্যতে সম্ভাব্য কারিগরি ত্রুটি এড়াতে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করা হবে।

গড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের এই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। চুক্তি অনুযায়ী, কেন্দ্রটি থেকে বাংলাদেশে ১ হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের কথা রয়েছে। একটি ইউনিট বন্ধ থাকায় এই রক্ষণাবেক্ষণকালীন সময়ে কেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা অর্ধেকে নেমে আসবে।

২০১৭ সালের নভেম্বরে আদানি পাওয়ার ঝাড়খণ্ড লিমিটেডের সঙ্গে ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ কেনার চুক্তি স্বাক্ষর করে পিডিবি। প্রায় ২০০ কোটি ডলার ব্যয়ে নির্মিত এই কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ২০২৩ সালের ৯ মার্চ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এর আগেও কারিগরি ত্রুটি ও কয়লা সংকটের কারণে কেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহ কমেছিল। বিশেষ করে গত ১০ সেপ্টেম্বর কারিগরি ত্রুটির কারণে দ্বিতীয় ইউনিটটি বন্ধ হয়ে গেলে সরবরাহ ৬৯১ দশমিক ৪৪ মেগাওয়াটে নেমে এসেছিল, যা ১৩ সেপ্টেম্বর পুনরায় উৎপাদনে ফেরে।

এদিকে, দেশে শীতের শুরুতে বিদ্যুতের চাহিদা ও উৎপাদন কমলেও ভারত থেকে বিদ্যুৎ আমদানির পরিমাণ বেড়েছে। ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম ১৫ দিনে দৈনিক গড়ে ৪ কোটি ৬০ লাখ ইউনিট বিদ্যুৎ আমদানি হয়েছে, যা অক্টোবরের একই সময়ের তুলনায় প্রায় ৩৭ শতাংশ বেশি। পিডিবির সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলামের মতে, দেশের অভ্যন্তরে ফার্নেস অয়েল দিয়ে বিদ্যুৎ উৎপাদনের চেয়ে আমদানি করা বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ায় এই আমদানির হার বাড়ানো হয়েছে।

এনএলডিসির তথ্য অনুযায়ী, ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার সময় আদানি থেকে ১ হাজার ৪৩০ দশমিক ০৬ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া গিয়েছিল। একটি ইউনিট বন্ধ হওয়ার পর ১০ সেপ্টেম্বর তা ৬৯১ দশমিক ৪৪ মেগাওয়াটে নেমে আসে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh