
লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের বেপারী বাড়িতে ৮১ বছর বয়সী বৃদ্ধ মফিজ উল্যার দাফন না করেই সম্পত্তির জন্য সন্তানদের মধ্যে হামলা, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। প্রায় এক দিন লাশ ফ্রিজিং ভ্যানে পড়ে থাকার পর বুধবার দুপুরে স্থানীয় অধিবাসীদের সহায়তায় তার দাফন সম্পন্ন হয়।
প্রয়াত মফিজ উল্যা চাঁদখালী গ্রামের বেপারী বাড়ির সন্তান জালাল আহমেদের ছেলে। তিনি ৫ ছেলে ও ২ মেয়ের জনক। সন্তানসূত্রে জানা যায়, জমিজমা নিয়ে ভাইবোনের মাঝে বিরোধ ও মামলা চলায় মফিজ উল্যা দীর্ঘদিন ধরে তার প্রবাসী ছেলে মনিরের বাড়িতে অবস্থান করছিলেন। মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে মনিরের বাড়িতেই হৃদরোগে (স্ট্রোক) আক্রান্ত হয়ে তিনি মারা যান।
অভিযোগ রয়েছে, বাবার মৃত্যুর পর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মনিরের বাড়িতে হামলা চালান তার ভাই মিলন, ফারুক এবং বোন রোজিনা ও নাসিমা। তারা ঘরবাড়িতে ভাঙচুর ও মারামারি চালানোর পাশাপাশি মূল্যবান দলিল-দস্তাবেজ ছিনিয়ে নেন। এই হামলায় মনিরের স্ত্রী আখি বেগম, সৎ মা নাজমুন নাহার এবং শাশুড়ি কুলসুম বেগম আহত হন। ঘটনার পর থেকে নাজমুন নাহার নিখোঁজ রয়েছেন, তবে সিসিটিভি ফুটেজে তাকে প্রহারের দৃশ্য দেখা গেছে।
তবে নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত দুই ভাই মিলন ও ফারুক। তাদের দাবি, দলিল হারিয়ে যাওয়ার আশঙ্কায় তারা শুধুমাত্র কাগজপত্র উদ্ধার করতে গিয়েছিলেন। তবে তারা পৌঁছানোর আগেই কে বা কারা সেখানে হামলা ও ভাঙচুর চালিয়েছে, সে বিষয়ে তারা কিছু জানেন না।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, তারা ঘটনার বিষয়ে শুনেছেন, তবে এ বিষয়ে এখনো থানায় লিখিত কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। পরবর্তীতে বুধবার দুপুরে মনিরের বাড়ির কবরস্থানে স্থানীয়দের সহযোগিতায় বৃদ্ধের দাফন প্রক্রিয়া শেষ করা হয়।
আপনার মতামত লিখুন :