Facebook Twitter Instagram YouTube

ইসলামি সমাজ বিশ্লেষণের তাত্ত্বিক কাঠামো ও নৈতিক দৃষ্টিভঙ্গি


প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ৮:০১ পূর্বাহ্ণ /
ইসলামি সমাজ বিশ্লেষণের তাত্ত্বিক কাঠামো ও নৈতিক দৃষ্টিভঙ্গি

ইসলামি সমাজ বিশ্লেষণ একটি তাওহিদভিত্তিক বিশ্বদৃষ্টির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা কেবল বাহ্যিক সামাজিক গঠন কিংবা অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামোর পর্যালোচনায় সীমাবদ্ধ নয়। এটি সমাজের অন্তর্নিহিত নৈতিক, আধ্যাত্মিক ও কসমিক মাত্রাকে সমান গুরুত্ব দেয়। আধুনিক সমাজবিজ্ঞান যেখানে সমাজকে বস্তুগত উপাদান ও ইতিহাসনির্ভর আচরণের ভিত্তিতে ব্যাখ্যা করে, সেখানে ইসলামি দৃষ্টিভঙ্গি ঈমানভিত্তিক এক কাঠামো প্রস্তাব করে। এই কাঠামোতে মানুষের সামাজিক সম্পর্ক ও আচরণকে ঈমান, আখলাক এবং কল্যাণ-অকল্যাণের নিরিখে মূল্যায়ন করা হয়।

ইবনে খালদুনের ‘আসাবিইয়াহ’ বা সামাজিক বন্ধন তত্ত্ব থেকে শুরু করে শাহ ওয়ালিউল্লাহর ‘ইরতিফাকাত’ বা সহায়ী ক্রমবিকাশ তত্ত্ব পর্যন্ত ইসলামি সমাজ বিশ্লেষণের একটি সুদীর্ঘ অন্তঃপ্রবাহ রয়েছে। এই বিশ্লেষণের মূল লক্ষ্য হলো দুনিয়া ও আখেরাতের পরিপূর্ণ কল্যাণ নিশ্চিত করা। ইসলামি সমাজ দর্শনের প্রথম স্তম্ভ হলো ঈমানভিত্তিক দৃষ্টিভঙ্গি, যেখানে সমাজকে কেবল মানুষের পারস্পরিক চুক্তি হিসেবে না দেখে আল্লাহর নির্দেশিত ব্যবস্থার অংশ হিসেবে দেখা হয়। এর কেন্দ্রে রয়েছে তাওহিদ, রিসালাত এবং আখেরাতের প্রতি বিশ্বাস, যা প্রতিটি সামাজিক স্তরে দায়িত্ববোধ ও নৈতিক সংবেদন সৃষ্টি করে।

ইসলামি সমাজ বিশ্লেষণে মানুষকে কেবল সামাজিক প্রাণী হিসেবে নয়, বরং আল্লাহর খলিফা বা প্রতিনিধি হিসেবে গণ্য করা হয়। এখানে মানুষের আচরণ মার্কসীয় শ্রেণি সংগ্রামের পরিবর্তে নৈতিক আত্মজিজ্ঞাসা ও আধ্যাত্মিক দায়বদ্ধতার ভিত্তিতে বিচার করা হয়। দ্বিতীয় প্রধান স্তম্ভ হলো শরিয়াহর আনুগত্য। ব্যক্তি তার পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক জীবনের প্রতিটি স্তরে শরিয়াহর বিধান মেনে চলতে সচেষ্ট থাকে, যার লক্ষ্য সমাজে ন্যায় ও ভারসাম্য প্রতিষ্ঠা করা। ইসলামে সমাজকে বর্ণ বা শ্রেণির ভিত্তিতে বিভক্ত না করে ঈমানভিত্তিক ‘উম্মাহ’ হিসেবে দেখা হয়, যেখানে সংহতির চালিকাশক্তি হলো তাকওয়া ও ন্যায়ের আদর্শ।

কোরআনের নির্দেশনা অনুযায়ী, কোনো জাতির অবস্থা পরিবর্তন হয় না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের পরিবর্তন করে। তাই সামাজিক উত্থান-পতন বাহ্যিক ঘটনার চেয়ে নৈতিক ও আধ্যাত্মিক স্থিতি দ্বারা বেশি নিয়ন্ত্রিত হয়। মুসলিম সমাজ বিশ্লেষণের জন্য পাঁচটি আন্তঃসম্পর্কিত স্তর চিহ্নিত করা হয়েছে: ১. ঈমানি স্তর, যা সমস্ত আচরণের ভিত্তি; ২. আখলাকি স্তর, যা চরিত্র ও আত্মশুদ্ধি নিয়ন্ত্রণ করে; ৩. শররি স্তর, যা শরিয়তের আনুগত্যের মাপকাঠি; ৪. উরফি স্তর, যা সাংস্কৃতিক রীতিনীতির বিচার করে; এবং ৫. ইজতিমায়ি-মায়াশি স্তর, যা বাস্তব জীবনের সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট পর্যবেক্ষণ করে।

এই স্তরগুলোর আলোকে মুসলিম আচরণ বিশ্লেষণের পাঁচটি মূল কার্যক্ষেত্র রয়েছে: ইবাদাতমূলক আচরণ, লেনদেনসংক্রান্ত আচরণ, আচার-ব্যবহার, ধ্বংসকারী বিষয়সমূহ পরিহার এবং তওবা ও শুদ্ধির অনুশীলন। র‌্যান্ড করপোরেশনের মতো বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি করা শ্রেণিবিভাজন মুসলিম সমাজের জন্য এক ধরনের চ্যালেঞ্জ। এর বিপরীতে ইসলামের নিজস্ব দর্শন ও ঐতিহ্যের আলোকে একটি গাঠনিক ভাষা ও কাঠামো গড়ে তোলা বর্তমান সময়ের দাবি, যার শিকড় থাকবে তাওহিদের গভীরে এবং যার পরিচালনা হবে নবুয়্যতের হেদায়েত ও সালাফের ধারাবাহিকতায়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh