Facebook Twitter Instagram YouTube

বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি মেসি ও ইয়ামাল: দুই প্রজন্মের মহাতারকার লড়াই


প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ণ /
বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি মেসি ও ইয়ামাল: দুই প্রজন্মের মহাতারকার লড়াই

১৯ বছর আগের এক ফটোশুটের স্মৃতি পেছনে ফেলে এবার ফুটবল বিশ্বের বড় মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছেন লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল। আগামী ১৯ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় নিউইয়র্ক-নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মহারণ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম দুই মহাদেশের চ্যাম্পিয়ন দল ফাইনালে মুখোমুখি হচ্ছে।

আর্জেন্টিনা তাদের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে। অন্যদিকে, স্পেন ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠেছে। মজার ব্যাপার হলো, ১৯৩০ সালের পর এই প্রথম স্প্যানিশ ভাষায় কথা বলা দুটি দেশ বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে একে অপরের মুখোমুখি হচ্ছে।

এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে মেসি ও ইয়ামালের প্রথমবার মাঠে সাক্ষাৎ। ২০০৭ সালের ডিসেম্বরে বার্সেলোনার ন্যুক্যাম্পে ইউনিসেফের একটি চ্যারিটি ফটোশুটে ২০ বছর বয়সী মেসি ছয় মাসের শিশু ইয়ামালকে গোসল করিয়েছিলেন। সেই ছবিটি দুই বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ইয়ামালের বাবা-মা লটারির মাধ্যমে সেই সুযোগ পেয়েছিলেন, আর ভাগ্যের ফেরে পরবর্তীতে ইয়ামাল বার্সেলোনায় মেসির রেখে যাওয়া ১০ নম্বর জার্সিটিই গায়ে জড়িয়েছেন।

বিশ্বকাপ শুরুর আগে এই সম্ভাবনা নিয়ে ইয়ামাল বলেছিলেন, সেই ফটোশুটের পর তারা দুজনই পরিণত হয়েছেন এবং তিনি আশা করেছিলেন বিশ্বকাপ ফাইনালে তাদের দেখা হবে। ইয়ামালের সেই স্বপ্ন পূরণ হয়েছে, তবে ফাইনালে মেসিও নিজের সেরাটা দিয়ে শিরোপা জেতার জন্য লড়বেন। এবারের আসরে আট গোল ও চার অ্যাসিস্ট করা মেসি এখন পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে উজ্জ্বল তারকা। যদিও মেসির দ্বিতীয় ঘর হিসেবে পরিচিত স্পেন, তবুও ফাইনালে সব আবেগ ভুলে শিরোপার লক্ষ্যেই মাঠে নামবেন এই আর্জেন্টাইন অধিনায়ক।

আগের রাতে ডালাসে প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর ফাইনালের টিকিট কাটে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন ও বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor