
রাঙ্গামাটির বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পাহাড় ধসের ঝুঁকি এখনো রয়ে গেছে। এরই মধ্যে কাপ্তাই লেকের পানির উচ্চতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। শুক্রবার সকাল পর্যন্ত লেকের পানির উচ্চতা ১০৩ দশমিক ৯১ ফুট এমএসএলে রেকর্ড করা হয়েছে। উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় পানি আরও বাড়ার পূর্বাভাস রয়েছে। এই পরিস্থিতিতে শনিবার সকাল ১১টার পর যেকোনো সময় কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়ার প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে প্রায় ৯ হাজার কিউসেক পানি ছাড়ার পরিকল্পনা রয়েছে, তবে পরবর্তী পরিস্থিতি অনুযায়ী গেট খোলার পরিমাণ বাড়ানো হতে পারে।
কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট বর্তমানে পূর্ণ সচল রয়েছে। পানির উচ্চতা বাড়ার ফলে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়ে ২০৬ মেগাওয়াটে পৌঁছেছে, যা চলতি বছরের সর্বোচ্চ। কর্মকর্তারা জানিয়েছেন, বৃষ্টিপাত অব্যাহত থাকলে উৎপাদন আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের জন্য পাঁচটি ইউনিটের মাধ্যমে প্রায় ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।
এদিকে সাম্প্রতিক বন্যা ও পাহাড় ধসে রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় কৃষি জমি, বসতবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। পাশাপাশি কর্ণফুলী নদীর তীরবর্তী বাসিন্দাদের পানি বৃদ্ধির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :