
তীব্র তাপপ্রবাহ নিয়মিত ঘটনা হয়ে উঠলে জার্মানির অর্থনীতি বছরে ২০ বিলিয়ন ইউরো বা প্রায় ২৩ বিলিয়ন ডলারের বেশি ক্ষতির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান প্রগনোস। জার্মানির ব্যবসাবিষয়ক সংবাদমাধ্যম হ্যান্ডেলসব্ল্যাটের জন্য প্রস্তুত করা এক বিশ্লেষণে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকা প্রতিটি দিন ইউরোপের বৃহত্তম অর্থনীতির প্রায় ১ বিলিয়ন ইউরো বা প্রায় ১ দশমিক ১৫ বিলিয়ন ডলার ক্ষতি করে।
গবেষণায় উঠে এসেছে, গত জুনের শেষ দুই সপ্তাহে বয়ে যাওয়া তাপপ্রবাহের কারণে জার্মানির প্রায় ৬ দশমিক ৩২ বিলিয়ন ইউরো বা প্রায় ৭ দশমিক ২৫ বিলিয়ন ডলার অর্থনৈতিক ক্ষতি হয়েছে। ভবিষ্যতে প্রতি বছর একই ধরনের তিন থেকে চারটি তাপপ্রবাহ দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যার ফলে বার্ষিক ক্ষতির পরিমাণ ২০ বিলিয়ন ইউরো ছাড়িয়ে যেতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, চরম তাপমাত্রার সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়ছে উৎপাদন খাতে। এর পাশাপাশি স্বাস্থ্য ও সামাজিক সেবা, খুচরা বাণিজ্য, নির্মাণ এবং খাদ্যশিল্প খাতগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তবে গবেষকরা উল্লেখ করেছেন যে, তাদের এই হিসাবের মধ্যে বিদ্যুতের উচ্চমূল্য, যন্ত্রপাতির বিকল হওয়া, সরবরাহব্যবস্থায় বিঘ্ন এবং দীর্ঘমেয়াদি অবকাঠামোগত ক্ষতির মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়নি। তাদের মতে, এসব বিষয় বিবেচনায় নিলে প্রকৃত অর্থনৈতিক ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হতে পারে। জলবায়ু পরিবর্তনজনিত চরম আবহাওয়ার কারণে শিল্পনির্ভর অর্থনীতিগুলো ক্রমেই বড় ধরনের ঝুঁকির মুখে পড়ছে বলে তারা সতর্ক করেছেন।
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ২০: ১২আপডেট : ১৭ জুলাই ২০২৬, ২০: ১৪
আপনার মতামত লিখুন :