
বিশ্বকাপ ফুটবলের আমেজ এখন পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই উত্তেজনার অংশ হিসেবে নিউইয়র্কের ম্যানহাটনের বিখ্যাত রকেফেলার সেন্টার প্লাজায় স্থাপন করা হয়েছে লেগো দিয়ে তৈরি বিশ্বের সবচেয়ে বড় বিশ্বকাপ ট্রফির প্রতিরূপ। সাধারণত বড়দিনের সময় যেখানে বিশাল ক্রিসমাস ট্রি দেখা যায়, সেখানেই এখন দাঁড়িয়ে আছে ফুটবলের এই অনন্য শিল্পকর্ম।
ফিফা ও লেগোর যৌথ উদ্যোগে তৈরি এই বিশাল ট্রফিটি ১.৩৬ মিলিয়নেরও বেশি লেগো ব্রিক দিয়ে নির্মিত হয়েছে। ২৭ ফুট উচ্চতা এবং প্রায় ৪.২ টন ওজনের এই ট্রফিটি তৈরি করতে চেক প্রজাতন্ত্রের একটি লেগো কারখানায় ৫৯ জন বিশেষজ্ঞকে দীর্ঘ ৭ হাজার ৪০ ঘণ্টা পরিশ্রম করতে হয়েছে। ফিফা ফ্যান ভিলেজের অংশ হিসেবে এই স্থাপনাটি এখন নিউইয়র্কের পর্যটক ও ফুটবলপ্রেমীদের অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়েছে।
গত ৬ জুলাই ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি অধিনায়ক কাফু আনুষ্ঠানিকভাবে এই ট্রফিটি উন্মোচন করেন। ১৯ জুলাই বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার দিন পর্যন্ত রকেফেলার প্লাজার এই প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য বিনামূল্যে উন্মুক্ত থাকবে। ফুটবলের বৈশ্বিক উন্মাদনা ও সৃজনশীল শিল্পের এই অসাধারণ সমন্বয় দেখতে শহরজুড়ে ব্যাপক আগ্রহ ও মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
আপনার মতামত লিখুন :