
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ। বুলাওয়েতে টস হেরে আগে ব্যাট করতে নেমে সফরকারীরা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে।
বাংলাদেশের ব্যাটিং ইনিংসের মূল ভিত্তি গড়ে দেন দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান। তানজিদ তামিম ৩৩ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করে দলীয় সর্বোচ্চ ৫৮ রান করেন। অন্যদিকে সাইফ হাসান ৪২ বলে ফিফটি স্পর্শ করে ৪৫ বলে ৫৫ রান করে বিদায় নেন। ইনিংসের শেষ দিকে মোহাম্মদ সাইফুদ্দিন ও ইয়াসির আলির ঝড়ো ব্যাটিং বড় সংগ্রহ নিশ্চিত করে। ইয়াসির ১২ বলে অপরাজিত ২২ রান করেন এবং সাইফুদ্দিন ১০ বলে অপরাজিত ৩১ রান করেন। বিশেষ করে ব্রাড ইভান্সের করা ইনিংসের শেষ ওভারে টানা চার বলে চারটি ছক্কা হাঁকিয়ে আলোচনায় আসেন সাইফুদ্দিন।
১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে জিম্বাবুয়ে। প্রথম ৩ ওভারেই তারা ৩ উইকেট হারিয়ে ফেলে। এরপর সিকান্দার রাজা ও মিল্টন সামুবা জুটি গড়ার চেষ্টা করলেও রিশাদ হোসেন ও শেখ মেহেদি হাসানের স্পিন ঘূর্ণিতে তা সম্ভব হয়নি। রায়ান বার্ল ১৯ বলে ২৯ এবং ব্রাড ইভান্স ১৪ বলে ২৫ রান করলেও শেষ পর্যন্ত ইনিংসের দুই বল বাকি থাকতেই ১৫২ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ২৬ রানে ৪টি এবং শেখ মেহেদি হাসান ২৪ রানে ৩টি উইকেট শিকার করেন।
আপনার মতামত লিখুন :