Facebook Twitter Instagram YouTube

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ‘তারুণ্য ও স্টার্টআপ’ কর্মসূচির প্রচারণা


প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ /
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ‘তারুণ্য ও স্টার্টআপ’ কর্মসূচির প্রচারণা

‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচিকে সফল করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক প্রচারণা চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিন সংলগ্ন আইবিএ ভবনের সামনের দেয়ালে কর্মসূচি-সংক্রান্ত প্রচারণামূলক প্লাকার্ড সাঁটানো হয়।

এই প্রচারণা কার্যক্রমে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা আগামী কর্মসূচিকে সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মসূচি শেষে মো. তরিকুল ইসলাম তারিক বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো তারুণ্য। তরুণদের মেধা, সৃজনশীলতা, উদ্ভাবনী সক্ষমতা এবং উদ্যোক্তা হওয়ার স্বপ্নকে বিকশিত করার মাধ্যমেই একটি সমৃদ্ধ, আত্মনির্ভরশীল ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি আরও জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই কর্মসূচিকে আন্তরিকভাবে উৎসাহিত করেছেন। তাঁর বিশ্বাস, রাজনীতির পাশাপাশি তরুণদের দক্ষতা, উদ্ভাবন, প্রযুক্তি ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। ছাত্রদল সেই বার্তাই শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিচ্ছে।

তরিকুল ইসলাম তারিক আরও বলেন, যে জাতি তারুণ্যের স্বপ্নকে মূল্যায়ন করে, সেই জাতিই ভবিষ্যতে নেতৃত্ব দেয়। তাই তরুণদের কর্মসংস্থান, উদ্ভাবন ও স্টার্টআপ সংস্কৃতি বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে। ছাত্রদল সবসময় ইতিবাচক, সৃজনশীল ও জনকল্যাণমূলক উদ্যোগের পাশে থাকবে। ছাত্রদল নেতাকর্মীরা জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ধরনের প্রচারণা কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে, যাতে অধিক সংখ্যক তরুণ এই উদ্যোগ সম্পর্কে জানতে ও সম্পৃক্ত হতে পারেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh