Facebook Twitter Instagram YouTube

যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি দাসত্বের দলিল: আনু মুহাম্মদ


প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৬, ১০:০৩ অপরাহ্ণ /
যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি দাসত্বের দলিল: আনু মুহাম্মদ

সাবেক অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিকে ‘ভয়াবহ বাংলাদেশবিরোধী চুক্তি’ হিসেবে আখ্যায়িত করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ। শুক্রবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণতান্ত্রিক অধিকার কমিটির আয়োজনে এক গণজমায়েতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকারের প্রকাশিত ৩২ পৃষ্ঠার দলিলটি কোনোভাবেই চুক্তি নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি হুকুমনামা বা আদেশনামা। জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী এই চুক্তি বাতিলের দাবিতে আয়োজিত কর্মসূচিতে তিনি এই চুক্তিকে ‘ফাউল’ আখ্যা দিয়ে লাল কার্ড প্রদর্শন করেন।

আনু মুহাম্মদ অভিযোগ করেন, সংসদ নির্বাচনের তিন দিন আগে স্বাক্ষরিত এই চুক্তি সম্পর্কে অন্তর্বর্তী সরকার জনসম্মুখে কোনো তথ্য প্রকাশ করেনি। তিনি বলেন, চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশের প্রয়োজন থাকুক বা না থাকুক, যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি করতে হবে। যুক্তরাষ্ট্র কোনো সার্বভৌম দেশের সরকারকে এমন আদেশ দিলে তা মেনে নেওয়া ঔপনিবেশিক দাসত্বের শামিল বলে তিনি মন্তব্য করেন। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে সম্পূর্ণভাবে হাতকড়া পরানো হয়েছে বলে তিনি দাবি করেন।

অর্থনীতিবিদ আনু মুহাম্মদ আরও বলেন, এই চুক্তির কারণে পোলট্রি, মাছ ও ডিমের মতো সম্ভাবনাময় ক্ষুদ্র শিল্পগুলো বড় বিপর্যয়ের মুখে পড়বে, যার ফলে কর্মসংস্থান সমস্যা আরও প্রকট হবে। এছাড়া বিনা শুল্কে মার্কিন পণ্য আমদানির ফলে রাজস্ব আয় কমে যাওয়ায় সরকার সাধারণ মানুষের ওপর নতুন কর আরোপ করতে বাধ্য হবে। চুক্তিতে থাকা সামরিক ও রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে বাংলাদেশ মার্কিন করপোরেট স্বার্থের বিরুদ্ধে কোনো দেশের সঙ্গে বাণিজ্যিক বা কৌশলগত চুক্তি করতে পারবে না বলেও তিনি সতর্ক করেন।

ভারতের আধিপত্য রুখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের ধারণাকে ভুল আখ্যা দিয়ে তিনি বলেন, ভারতের আধিপত্য যখন বাংলাদেশে ছিল, তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন চুক্তি করেছে৷ সুতরাং যুক্তরাষ্ট্রের আধিপত্য ভারতের আধিপত্য ঠেকাতে পারে না৷ যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্যচুক্তি বাংলাদেশের জাতীয় সক্ষমতাকে বিপর্যস্ত করবে বলে মনে করেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ।

সংসদে রাজনৈতিক দলগুলোর নীরবতার সমালোচনা করে আনু মুহাম্মদ বলেন, পারস্পরিক ঝগড়ায় লিপ্ত রাজনৈতিক দলগুলো এই জাতীয় স্বার্থবিরোধী চুক্তির বিষয়ে অদ্ভুত নীরবতা পালন করছে। তিনি সব পর্যায়ের মানুষকে এই দাসত্বমূলক চুক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। কর্মসূচিতে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য হারুন অর রশিদ, সামিনা লুৎফা, মাহা মির্জা, সীমা দত্ত, বাংলাদেশ জাসদের মুশতাক হোসেন এবং সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতনসহ বিভিন্ন বামপন্থী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo