
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। বিভিন্ন মহলের আপত্তির মুখে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের মাসিক গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা অর্ধেক কমিয়ে ২৫ হাজার টাকায় নামিয়ে আনার পরিকল্পনাটি আর কার্যকর হচ্ছে না। এর ফলে কর্মকর্তারা আগের মতোই প্রতি মাসে ৫০ হাজার টাকা করে গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা পাবেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) অর্থ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছে। অর্থ বিভাগ তাদের চিঠিতে উল্লেখ করেছে, গত ৯ জুলাই এ বিষয়ে পাঠানো দুটি পত্রের পরিপ্রেক্ষিতে কোনো কার্যক্রম গ্রহণ না করার অনুরোধ জানানো হলো।
এর আগে গত ৯ জুলাই অর্থ বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে দুটি চিঠি দেওয়া হয়েছিল। সেখানে সুদমুক্ত ঋণ নিয়ে গাড়ি কেনা কর্মকর্তাদের মাসিক রক্ষণাবেক্ষণ ভাতা ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকায় নির্ধারণের উদ্যোগ নিতে বলা হয়েছিল।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. রাহেদ হোসেন জানান, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়া গেছে বলে তারা জানতে পেরেছেন। তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে লিখিত নির্দেশনা এখনো হাতে না পেলেও আগের সিদ্ধান্তটি বাতিল হওয়ার কথা এবং ভাতা আগের মতোই বহাল থাকার সম্ভাবনা রয়েছে।
আপনার মতামত লিখুন :