Facebook Twitter Instagram YouTube

কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাত, ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক চেয়ার-ছাতা


প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ / ০ Views
কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাত, ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক চেয়ার-ছাতা

শুক্রবার বিকেল ৩টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে হঠাৎ একটি টর্নেডো আঘাত হেনেছে। তিন থেকে পাঁচ মিনিট স্থায়ী এই ঘূর্ণিঝড়ের কারণে সৈকতে অবস্থানরত পর্যটকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাগরের দিক থেকে ঘূর্ণায়মান বাতাস ধীরে ধীরে বালুচরের দিকে এগিয়ে এসে মুহূর্তের মধ্যে সুগন্ধা পয়েন্টের একটি অংশে আঘাত করে। ঘূর্ণিঝড়ের প্রবল তীব্রতায় সৈকতে পর্যটকদের ব্যবহারের জন্য রাখা ৫২টি কাঠের চেয়ার ও ৬১টি ছাতা ভেঙে যায়। এছাড়া অন্যান্য হালকা সামগ্রী বাতাসে উড়ে যেতে থাকে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলম জানান, আকস্মিক এ ঘটনায় সৈকত-সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী সুমন রহমান বলেন, টর্নেডোটি খুব অল্প সময় স্থায়ী হলেও এর গতি ছিল অত্যন্ত প্রবল, যা মুহূর্তেই সৈকতের পরিবেশ এলোমেলো করে দেয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পর্যটকেরা ধীরে ধীরে সৈকতে ফিরে আসেন এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত চেয়ার ও ছাতাগুলো সরিয়ে সৈকতের পরিবেশ স্বাভাবিক করার কাজ শুরু করেন।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, এটি একটি দুর্বল প্রকৃতির টর্নেডো। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের টর্নেডো স্বল্প সময় স্থায়ী হলেও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এর ঘূর্ণির কবলে পড়লে প্রাণহানির আশঙ্কা থাকে এবং এটি মানুষকে অনেক উঁচুতে তুলে ছুড়ে ফেলতে পারে। তাই এমন পরিস্থিতিতে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে পর্যটকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh