
রাজধানীর হাতিরপুল ও ধানমন্ডি সংলগ্ন এলাকায় বিতরণ লাইনের উন্নয়নমূলক কাজের জন্য আগামীকাল মঙ্গলবার গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ওই এলাকায় থাকা পুরোনো লিকেজযুক্ত বিতরণ লাইন পরিবর্তন এবং সার্ভিস লাইন প্রতিস্থাপনের কাজ করা হবে। এ কারণে মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, পুকুরপাড়, ধানমন্ডি, ভূতের গলি, কিচেন রোড, আল আমিন রোড ও কাঠালবাগান। এই এলাকাগুলোর সকল আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা এই সময়ের মধ্যে গ্যাস সুবিধা পাবেন না।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, উন্নয়ন কাজের সময় আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
আপনার মতামত লিখুন :