Facebook Twitter Instagram YouTube

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বার্নহামের মন্ত্রিসভায় বড় রদবদল


প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ২:৪৭ অপরাহ্ণ /
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বার্নহামের মন্ত্রিসভায় বড় রদবদল

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই অ্যান্ডি বার্নহাম তার মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল করেছেন। ক্ষমতা গ্রহণের শুরুতেই তিনি সাবেক প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের ঘনিষ্ঠদের মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। ৫৬ বছর বয়সী বার্নহাম সোমবার ডাউনিং স্ট্রিটে স্টারমারের স্থলাভিষিক্ত হওয়ার পর থেকেই নতুন সরকারের ওপর নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠায় দ্রুত পদক্ষেপ নিতে শুরু করেন।

নতুন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে সাবেক প্রতিরক্ষামন্ত্রী জন হিলি নতুন অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে এড মিলিব্যান্ডকে। এছাড়া বামপন্থী নেত্রী অ্যাঞ্জেলা রেইনার পুনরায় সরকারে ফিরেছেন এবং ওয়েস স্ট্রিটিংকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। আশ্রয়প্রার্থী-সংক্রান্ত সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে শাবানা মাহমুদকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পুনর্নিয়োগ করা হয়েছে। র্যাচেল রিভস ও ডেভিড ল্যামির মতো স্টারমার ঘনিষ্ঠদের মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে।

দায়িত্ব গ্রহণের দিনে বার্নহাম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেন। ট্রাম্পের সঙ্গে আলোচনায় বার্নহাম প্রতিরক্ষা ও নিরাপত্তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ট্রাম্প জানিয়েছেন, তাদের মধ্যে বাণিজ্য, সামরিক সহযোগিতা এবং হরমুজ প্রণালীর মাইন অপসারণের মতো বিষয়গুলো নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। জেলেনস্কির সঙ্গে আলাপে বার্নহাম ইউক্রেনের প্রতিরক্ষায় যুক্তরাজ্যের অটল সমর্থনের কথা আবারও নিশ্চিত করেন।

বাকিংহাম প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে সরকারিভাবে দায়িত্ব গ্রহণ করা বার্নহাম এক দশকেরও বেশি সময়ের মধ্যে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী। ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া প্রথম ভাষণে তিনি নতুন রাজনৈতিক মডেল এবং নতুন অর্থনীতি গড়ে তোলার অঙ্গীকার করেন। তিনি ব্রিটেনে পুনরায় শিল্পায়ন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং সড়কে খোলা আকাশের নিচে রাত কাটানোর অবসান ঘটানোর প্রতিশ্রুতি দেন। এছাড়া জীবনযাত্রার ব্যয়ের চাপ মোকাবিলায় তিনি ১০ বছরের একটি পরিকল্পনার ঘোষণা দিয়েছেন, যার বিস্তারিত আজ মঙ্গলবার থেকে জানানো শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

২০২২ সালে সিংহাসনে আরোহণের পর চার্লসের এটি চতুর্থ প্রধানমন্ত্রী। আর এক দশকের কিছু বেশি সময়ে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী হলেন বার্নহাম। তিনি বলেন, বিশ্বকে দেখাতে হবে যে ব্রিটেন আবারও ‘স্থিতিশীলতা ফিরে পেতে’ সক্ষম।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin