Facebook Twitter Instagram YouTube

নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানালেন রুহুল কবির রিজভী


প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ৪:৪৭ অপরাহ্ণ / ০
নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানালেন রুহুল কবির রিজভী

প্রধানমন্ত্রী ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলীয় নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার নয়াপল্টনের একটি কমিউনিটি সেন্টারে যুবদলের সাবেক সহসভাপতি সদ্যপ্রয়াত জাকির হোসেন নান্নুর রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ এমপি, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি উপস্থিত ছিলেন।

দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন ও কারাবন্দি জীবনের অভিজ্ঞতা তুলে ধরে রিজভী বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদের অবসান এবং প্রতিকূলতা মোকাবিলা করে দলের শীর্ষ নেতার দেশে ফেরা ও প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ এটাই প্রমাণ করে যে, কারো শ্রম বা আত্মদান কখনো বৃথা যায় না। তিনি জাকির হোসেন নান্নুর আত্মত্যাগের কথা স্মরণ করে ঐতিহাসিক ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের প্রসঙ্গ টেনে বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠন এই বিপ্লবের সন্তান। বহুদলীয় গণতন্ত্র ও মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপির জন্ম এবং এই দলের মধ্যে বিপ্লবের শক্তি অন্তর্নিহিত রয়েছে।

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে রিজভী বলেন, নানা চক্রান্ত ও ষড়যন্ত্রের পরও দলটি কোনো আপসকামিতা বা গোপন আঁতাত করেনি। তিনি সরকার গৃহীত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উন্নয়নমূলক কাজের উল্লেখ করে বলেন, এর সুফল মানুষ যখন হাতে পাবে, তখন জাকির হোসেন নান্নুর মতো মানুষের আত্মদান সার্থক হবে। বিগত 'আমি এবং ডামি' নির্বাচনের পরবর্তী হতাশা কাটিয়ে নেতাকর্মীদের তারেক রহমানের ওপর পূর্ণ আস্থা রাখার আহ্বান জানান তিনি।

বক্তব্যে তিনি ৪৫ বছর পর শহীদ জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতারের প্রসঙ্গ টেনে বিচারহীনতার সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, এই দীর্ঘ সময় সে কোথায় ছিল এবং কারা তাকে আশ্রয় দিয়েছিল। একই সঙ্গে কাদের সিদ্দিকীর বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, সে সময় তাকে অন্য দেশে আশ্রয় ও অস্ত্র দেওয়া হয়েছিল, যা নিয়ে আলোচনার সময় এসেছে। এছাড়া জুলাই আন্দোলনে মুগ্ধ, ওয়াসিফ ও আবু সাঈদসহ সাধারণ মানুষের ওপর গুলি চালানো আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী যারা ভারতে পালিয়ে গেছে, তাদের আশ্রয়দাতাদের বিষয়েও প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা জবাব চেয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy